বাড়তি ভাড়া আদায় ও ঈদযাত্রা পর্যবেক্ষণ করছে সরকার
বাড়তি ভাড়া আদায় ও ঈদযাত্রায় সরকারের নজরদারি

বাড়তি ভাড়া আদায়, ঈদযাত্রায় সড়কের চাপ ও পরিবহন ব্যবস্থাপনা নিয়ে সরকার কঠোর নজরদারিতে রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান, যাত্রীদের তাড়াহুড়ো ও চাপকে সুযোগ হিসেবে নিয়ে কিছু অসাধু ব্যক্তি মাঝপথে অতিরিক্ত ভাড়া আদায়ের চেষ্টা করছে। তবে অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হচ্ছে এবং জরিমানাও করা হচ্ছে।

মহাখালী টার্মিনাল পরিদর্শন

বুধবার (২৭ মে) রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সরকার সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং বিআরটিএর কেন্দ্রীয় মনিটরিং সেল থেকেও সার্বিক তদারকি করা হচ্ছে।

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

মন্ত্রী বলেন, ‘কাউন্টারগুলোতে নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ এখন পর্যন্ত খুব বেশি পাওয়া যায়নি। তবে মাঝপথে যাত্রীরা দ্রুত গন্তব্যে পৌঁছাতে যেকোনো বাসে উঠতে চাইলে কিছু ক্ষেত্রে সুযোগ নিয়ে বেশি ভাড়া আদায়ের ঘটনা ঘটছে।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

যমুনা সেতুর চাপ

তিনি আরও বলেন, ‘যমুনা সেতুর আগে চন্দ্রা এলাকায় যানবাহনের ধীরগতি দেখা গেলেও এটি অস্বাভাবিক নয়। কারণ সাত লেনের যানবাহন সেখানে দুই লেনে প্রবেশ করায় স্বাভাবিকভাবেই চাপ তৈরি হচ্ছে। তবে সার্বিক ব্যবস্থাপনায় বড় কোনো সমস্যা নেই।’

ঈদযাত্রায় চাপ ও পশু পরিবহন

ঈদযাত্রার চাপ প্রসঙ্গে মন্ত্রী জানান, কয়েক দিনের মধ্যেই প্রায় দেড় কোটি মানুষ রাজধানী ঢাকা ছেড়েছে। একই সময়ে প্রায় ৮০ লাখ কুরবানিযোগ্য পশু পরিবহন করতে হচ্ছে, যা পরিবহন ব্যবস্থার ওপর বড় চাপ তৈরি করেছে। তিনি বলেন, ‘সীমিত সক্ষমতা নিয়েও পরিবহন খাত সর্বোচ্চ চেষ্টা করছে।’ এ সময় তিনি যাত্রীদের উদ্দেশে ধৈর্য ধরার আহ্বান জানান। তার মতে, অনেক যাত্রী আগাম টিকিট না কেটে শেষ মুহূর্তে যাত্রা শুরু করেন, ফলে চাপ আরও বেড়ে যায় এবং তখন কিছু অসাধু ব্যক্তি সুযোগ নেয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

রেলপথে নারী কোচ

রেলপথে নারীদের জন্য বিশেষ কোচ সংযোজন প্রসঙ্গে তিনি জানান, ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-ময়মনসিংহ রুটে ইতোমধ্যে তিনটি আন্তঃনগর ট্রেনে এই ব্যবস্থা চালু হয়েছে। তবে সব ট্রেনে এখনই এটি সম্ভব হয়নি, কারণ পর্যাপ্ত কোচের ঘাটতি রয়েছে এবং আগাম টিকিট বিক্রি হয়ে গেছে। ঈদ উপলক্ষে অতিরিক্ত ৫১টি কোচ যুক্ত করা হয়েছে বলেও জানান তিনি।

মেট্রোরেল স্টেশনে পশুর হাট

মেট্রোরেল স্টেশনের নিচে পশুর হাট বসানো নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এ ধরনের কোনো সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে দেয়া হয়নি। বিষয়টি সিটি কর্পোরেশনের আওতাধীন এবং ইজারা সংক্রান্ত দায়-দায়িত্ব তাদেরই।’

দীর্ঘমেয়াদি পরিকল্পনা

সড়ক ও পরিবহন ব্যবস্থার দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, ‘পরিবহন খাতকে মাল্টিমোডাল ব্যবস্থায় নিয়ে যাওয়ার উদ্যোগ চলছে। রুটভিত্তিক বাস কোম্পানি গঠন, মেট্রোরেল সম্প্রসারণ এবং মনোরেল পরিকল্পনাও সরকারের অগ্রাধিকারে রয়েছে।’

তিনি আরও দাবি করেন, ঈদযাত্রায় নানা চ্যালেঞ্জ থাকলেও সামগ্রিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে এবং যাত্রীরা নির্ধারিত ভাড়ায় নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারছেন।