জনগণকে জনসম্পদে রূপান্তর করাই সরকারের লক্ষ্য: মন্ত্রী
জনগণকে জনসম্পদে রূপান্তর করাই সরকারের লক্ষ্য

সমাজকল্যাণ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বর্তমান সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তর করা। ভালো মানুষ যদি নেতৃত্বে থাকে, সমাজে যদি ভালো মানুষের সংখ্যা বাড়ে, তাহলে অন্যায় কমবে এবং একটি মানবিক বাংলাদেশ গড়ে উঠবে।

মঙ্গলবার দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদের হলরুমে দুস্থ, অসুস্থ, প্রতিবন্ধী ব্যক্তি এবং দরিদ্র শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী দক্ষ জনশক্তির গড়ে তোলার কথা উল্লেখ করে বলেন, একজন ভালো মানুষের যদি ভালো জ্ঞান ও দক্ষতা থাকে, তাহলে তার কোথাও আটকে থাকার কথা নয়। আমরা ভালো মানুষ চাই, ভালো শিক্ষা চাই। এই শিক্ষার মাধ্যমে প্রতিটি ছেলে-মেয়েকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে চাই।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তিনি বলেন, যারা অর্থনৈতিক কষ্টে আছেন, তাদের কিছুটা সহযোগিতা করার চেষ্টা করছি। এটা মাত্র শুরু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন– ঘোড়াঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাউসার শেখ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোলায়মান মেহেদী হাসান, ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের ভারপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার হারেছ উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাছুদ রানা, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি শামীম হোসেন চৌধুরী ও পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলনসহ স্থানীয় রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠান শেষে উপজেলার চকবামুনিয়া এলাকার ২শ অসহায় নারী-পুরুষের মধ্যে ১৫ কেজি করে চাল এবং ১শ জনের মধ্যে নগদ এক হাজার টাকা করে সহায়তা করেন। এর আগে উপজেলা পরিষদের হলরুমে ৩৩ জন শিক্ষার্থী এবং পাঁচ জন অসহায় ও অসুস্থ নারী-পুরুষের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ