নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় মুরগির খাদ্য বহনকারী একটি ট্রাক্টর উল্টে এক খামারি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মো. রহিম উল্লাহ (২৫)। আজ সোমবার বেলা একটার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের করিম বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিবরণ
নিহত রহিম উল্লাহ মোহাম্মদপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের মো. শফিউল্লাহর ছেলে। তিনি করিম বাজার এলাকায় একটি মুরগির খামারের মালিক। স্থানীয় বাসিন্দা মো. সাইফুল ইসলাম জানান, সোমবার বেলা সোয়া একটার দিকে রহিম উল্লাহ তাঁর খামারের মুরগির খাবারবোঝাই ট্রাক্টরে চড়ে খামারের দিকে যাচ্ছিলেন। ট্রাক্টরটি করিম বাজারের পূর্ব পাশে পৌঁছালে সড়কের মোড় ঘোরার সময় চালকের অসাবধানতায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশের খালে পড়ে যায়। এতে ট্রাক্টরের ওপর থাকা রহিম উল্লাহ ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
স্থানীয়দের বক্তব্য
মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের তিন নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল আফছার দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে নিহতের আত্মীয়স্বজন ও আশপাশের লোকজন এসে মৃত অবস্থায় তাঁকে উদ্ধার করে লাশ বাড়িতে নিয়ে যান।
পুলিশের অবস্থান
দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে সুবর্ণচরের চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, থানায় কেউ এই দুর্ঘটনার বিষয়ে জানায়নি। তিনি বিষয়টি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবেন।



