ডিএমপির নতুন কমিশনার মোসলেহ উদ্দীন দায়িত্ব গ্রহণ
ডিএমপির নতুন কমিশনার মোসলেহ উদ্দীন দায়িত্ব নিলেন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দীন। সোমবার (১৮ মে) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। ডিএমপি মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার এনএম নাসির উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন মোসলেহ উদ্দিন আহমদ। সরকার তাকে ডিএমপির নতুন কমিশনার হিসেবে নিয়োগ দেয়। রবিবার (১৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

পূর্ববর্তী কমিশনারের অবসর

এর আগে সরকারি চাকরির মেয়াদ পূর্ণ হওয়ায় অবসর গ্রহণ করেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। বৃহস্পতিবার (১৪ মে) ছিল তার শেষ কর্মদিবস। ওই দিন দিবাগত রাতে তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলামের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গত ২৬ মার্চ ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব পান অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত আইজি) মো. সরওয়ার। পুলিশ সদরদফতরের এক প্রজ্ঞাপনে বলা হয়েছিল, নতুন কমিশনার যোগদান না করা পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

পূর্ববর্তী কমিশনারের পদত্যাগ

গত ২৫ ফেব্রুয়ারি ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেন ডিএমপির তৎকালীন কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তার পদত্যাগের পর থেকে ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন মো. সরওয়ার।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ