নেত্রকোনায় টিসিবির ফ্যামিলি কার্ডের উপকারভোগী নির্বাচন ও তালিকা প্রণয়ন প্রক্রিয়ায় ব্যাপক অসংগতির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।
প্রকৃত দরিদ্ররা বঞ্চিত
তিনি বলেন, তার নির্বাচনী এলাকায় প্রকৃত দরিদ্র ও অসহায় মানুষের অনেকেই এই সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন, পক্ষান্তরে অনেক সচ্ছল পরিবার কার্ড পেয়েছে। শনিবার (১৬ মে) বিকেল চারটার দিকে নেত্রকোনার কলমাকান্দা জেলা পরিষদ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুঃখ প্রকাশ ও হুঁশিয়ারি
তালিকায় এমন ভুলের জন্য বঞ্চিত মানুষের কাছে হাত জোড় করে দুঃখ প্রকাশ করেন ডেপুটি স্পিকার। কয়েক দিন ধরে এলাকায় অবস্থান করে অসহায় মানুষের দুঃখ-দুর্দশার খোঁজ নিয়েছেন জানিয়ে কায়সার কামাল বলেন, ফ্যামিলি কার্ডের তালিকায় টাকা লেনদেনের সুনির্দিষ্ট অভিযোগ না পাওয়া গেলেও উপকারভোগী নির্বাচনে চরম গাফিলতি লক্ষ্য করা গেছে। স্থানীয় প্রশাসনের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি স্পষ্ট জানান, কাজের গাফিলতিও কিন্তু একধরনের দুর্নীতি।
সব সম্প্রদায়ের অন্তর্ভুক্তি
নিজের সংসদীয় আসনে হিন্দু, মুসলমান, খ্রিষ্টানসহ সব সম্প্রদায়ের যোগ্য ব্যক্তিরা যাতে কার্ড পান, তা নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে এমন অসংগতি বা দুর্নীতি হলে কঠোরভাবে আইনের প্রয়োগ করার ঘোষণা দেন তিনি।
তথ্য ও পরিসংখ্যান
উল্লেখ্য, উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, কলমাকান্দা উপজেলার লেংগুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অনলাইনে আবেদন করা ১ হাজার ১০ জনের মধ্যে যাচাই-বাছাই শেষে ৭৯৪টি পরিবারকে এই সুবিধার আওতায় আনা হয়েছে।
প্রধানমন্ত্রীর পরিকল্পনার উল্লেখ
ডেপুটি স্পিকার তার বক্তব্যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনের স্বপ্ন এবং কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, ফার্মার্স কার্ড ও ফোর্স কার্ডের মতো জনকল্যাণমূলক উদ্যোগের সুসংগঠিত রূপরেখা তৈরি করে আসছিলেন। গত ২৫ ডিসেম্বর দেশে ফিরে লাখো মানুষের সামনে প্রধানমন্ত্রী যে ‘আই উইশ আ প্ল্যান’ ঘোষণা করেছিলেন, তা সামাজিক ন্যায়বিচারভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার একটি সুস্পষ্ট অঙ্গীকার ছিল।
এর আগে শনিবার বেলা তিনটায় চাঁদপুর থেকে সারা দেশে একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী এই ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।



