প্রযুক্তিপ্রেমীদের প্রতিক্ষার অবসান ঘটিয়ে ৮ জুন নিজেদের বার্ষিক ডেভেলপার সম্মেলন ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্স (ডব্লিউডব্লিউডিসি) আয়োজন করতে যাচ্ছে অ্যাপল। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারটিনোয় অবস্থিত অ্যাপল পার্ক ক্যাম্পাসে হতে যাওয়া এ আয়োজনে বরাবরের মতো এবারও নতুন সফটওয়্যার ও হালনাগাদ প্রযুক্তি প্রদর্শন করবে অ্যাপল। আর তাই অ্যাপলপ্রেমীরা দীর্ঘদিন ধরে এই সম্মেলনের জন্য অপেক্ষা করছেন।
সম্ভাব্য নতুন অপারেটিং সিস্টেম
বাজার বিশ্লেষকদের মতে, এ বছর সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আইওএস ২৭, ম্যাকওএস ২৭, আইপ্যাডওএস ২৭ এবং ওয়াচওএস ২৭ অপারেটিং সিস্টেম উন্মোচন করা হতে পারে। সম্মেলনে অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি ‘অ্যাপল ইন্টেলিজেন্স’কে ঘিরে গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়ারও সম্ভাবনা রয়েছে।
টিম কুকের বিদায় ও নতুন অধ্যায়
এ বছরের ডব্লিউডব্লিউডিসির বিশেষ তাৎপর্য রয়েছে। আগামী ১ সেপ্টেম্বর অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্ব ছাড়বেন টিম কুক। এরপর অ্যাপলের হার্ডওয়্যার প্রকৌশল বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট জন টারনাস টিম কুকের স্থলাভিষিক্ত হবেন। আর তাই এবারের ডব্লিউডব্লিউডিসিই হতে যাচ্ছে টিম কুকের নেতৃত্বে সর্বশেষ বড় আয়োজন। ফলে সম্মেলনটি এক অর্থে অ্যাপলের একটি যুগের সমাপ্তি ও নতুন অধ্যায়ের সূচনার সাক্ষী হতে যাচ্ছে।
সিরির নতুন রূপ
ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপল আলাদা একটি সিরি অ্যাপ পরীক্ষা করছে। নতুন সংস্করণে ‘আস্ক সিরি’ অপশন এবং স্বতন্ত্র অ্যাপ যুক্ত হতে পারে, যা ডিভাইসে সিরির উপস্থিতি আরও দৃশ্যমান করবে। এ ছাড়া সিরিকে অ্যাপলের এআই চ্যাটবট হিসেবেও ব্যবহার করা হতে পারে। এমনকি এতে গুগলের জেমিনি ব্যবহারের সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে।
ম্যাকওএস ২৭
আইওএস ২৭–এর সম্ভাব্য কিছু সুবিধা ম্যাকওএস ২৭–এ যুক্ত করা হতে পারে। এর মধ্যে রয়েছে স্বতন্ত্র সিরি অ্যাপ এবং অ্যাপল ইন্টেলিজেন্সের বিভিন্ন সুবিধা। অ্যাপলের সর্বশেষ ম্যাকওএস টাহো হবে ইন্টেল প্রসেসর–চালিত ম্যাক কম্পিউটারের জন্য শেষ সংস্করণ। ফলে ভবিষ্যতে অ্যাপল সিলিকনভিত্তিক ডিভাইসের জন্য কী পরিবর্তন আসছে, তারও আভাস পাওয়া যেতে পারে সম্মেলনে।
আইপ্যাডওএস ২৭
আইপ্যাডওএস ২৭ নিয়ে এখনো খুব বেশি তথ্য জানা যায়নি। গত বছর আইপ্যাডওএস ২৬–এ নতুন মেনু বার, লিকুইড গ্লাস ডিজাইন এবং লাইভ অনুবাদ, বার্তার সারসংক্ষেপ ও ইমেজ প্লেগ্রাউন্ডের মতো এআই সুবিধা যুক্ত হয়েছিল। যদি আইওএস ২৭–এ সিরি ও অ্যাপল ইন্টেলিজেন্সে বড় পরিবর্তন আসে, তবে সেগুলো আইপ্যাডেও পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
ভিশনওএস ও ফোল্ডেবল আইফোন
মে মাসে এক বিজ্ঞপ্তিতে ভিশনওএসের জন্য চোখের নড়াচড়া ও মুখের অঙ্গভঙ্গি দিয়ে যন্ত্র নিয়ন্ত্রণ প্রযুক্তি তৈরির কথা জানিয়েছে অ্যাপল। ডব্লিউডব্লিউডিসিতে ভিশনওএসের জন্য আরও কিছু সুবিধা যুক্তের ঘোষণা দিতে পারে প্রতিষ্ঠানটি। সম্মেলনে অ্যাপলের বহুল আলোচিত ফোল্ডেবল আইফোন প্রদর্শনের সম্ভাবনা খুব কম। তবে আইওএস ২৭–এর কিছু নতুন সুবিধা ভবিষ্যৎ ফোল্ডেবল আইফোন বাজারে আনার ইঙ্গিত দিতে পারে। গুঞ্জন রয়েছে, ফোল্ডেবল আইফোনটির নাম হতে পারে আইফোন আলট্রা, আইফোন ফ্লিপ বা আইফোন ফোল্ড।
সূত্র: সিনেট



