ভাইকে মারধর মামলায় বিএনপি নেতা ও ছেলে গ্রেফতার
ভাইকে মারধর মামলায় বিএনপি নেতা ও ছেলে গ্রেফতার

মানিকগঞ্জের সাটুরিয়ায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগে উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রব এবং তার ছেলে সাকিবকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) গভীর রাতে উপজেলার বালিয়াটি ইউনিয়নের ভাটারা গ্রামের নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

ঘটনার বিবরণ

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ মে ভাটারা গ্রামে পারিবারিক জমির সীমানার ভেতরে একটি ভবনের সানশেড নির্মাণকে কেন্দ্র করে আব্দুর রবের সঙ্গে তার ছোট ভাই নুরুল আমিনের বিরোধের সৃষ্টি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে নুরুল আমিন ও তার স্ত্রী ফারহানা বেগমের ওপর হামলার ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, হামলায় নুরুল আমিন গুরুতর আহত হন এবং তার পায়ের হাড় ভেঙে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মামলা ও গ্রেফতার

এ ঘটনায় নুরুল আমিনের স্ত্রী ফারহানা বেগম বাদী হয়ে সাটুরিয়া থানায় পাঁচজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত আব্দুর রব ও ছেলে সাকিবকে গ্রেফতার করে।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিশ মাখন বলেন, আব্দুর রব উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ঘটনাটি নিয়ে তার পরিবারের পক্ষ থেকেও আমার কাছে লিখিত অভিযোগ এসেছে।

সাটুরিয়া থানার ওসি মো. মোশাররফ হোসেন বলেন, মামলার এজাহারভুক্ত আসামি আব্দুর রব ও তার ছেলে সাকিবকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ