এসএসসি জাল প্রশ্নপত্র বিক্রি: রংপুরে শিক্ষার্থী আটক
এসএসসি জাল প্রশ্নপত্র বিক্রি, রংপুরে শিক্ষার্থী গ্রেপ্তার

অনলাইনে এসএসসি পরীক্ষার জাল প্রশ্নপত্র বিক্রি করে প্রতারণার সঙ্গে জড়িত এক শিক্ষার্থীকে আটক করেছে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী।

অভিযানের বিবরণ

গোয়েন্দা পুলিশ জানায়, পুলিশ সদর দপ্তরের সহযোগিতায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, চলমান এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে একটি চক্র অনলাইনে জাল প্রশ্নপত্র বিক্রি করে প্রতারণা করে আসছে। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ হেড কোয়ার্টারের এলআইসি শাখা বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু করে এবং রংপুর মহানগর এলাকায় সংশ্লিষ্ট এক প্রতারকের অবস্থান শনাক্ত করে।

পরে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর বেলা রংপুর নগরীর শালবন এলাকার আরসিসিআই স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন একটি মেসে অভিযান চালিয়ে ১৭ বছরের এক কিশোরকে আটক করা হয়। অভিযানের সময় অভিযুক্ত শিক্ষার্থীকে ব্যবহৃত ডিভাইসসহ আটক করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আটক শিক্ষার্থীর পরিচয়

আটক ওই শিক্ষার্থী আরসিসিআই স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক শাখার দ্বিতীয় বর্ষের একজন ছাত্র। তার বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানাধীন নাওডাঙ্গা এলাকায়। শিশু আইনের বিধান অনুযায়ী তার নাম ও বিস্তারিত পরিচয় গোপন রাখা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও প্রমাণ

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শিক্ষার্থী অনলাইনে জাল প্রশ্নপত্র বিক্রির মাধ্যমে অর্থ গ্রহণের বিষয়টি স্বীকার করেছে। তার ব্যবহৃত স্মার্টফোনে সংশ্লিষ্ট কার্যক্রমের প্রমাণ পাওয়া গেছে এবং বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্টেও আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

মামলার প্রক্রিয়া

রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, এ ঘটনায় অনলাইনে প্রতারণার অভিযোগে ওই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ