নাফ নদী থেকে ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি
নাফ নদী থেকে ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়া ও শাহপরীর দ্বীপসংলগ্ন নাফ নদী থেকে সাত জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে নাফ নদীর মোহনায় মাছ শিকার শেষে বাড়ি ফেরার পথে দুইটি মাছ ধরার ডিঙি নৌকাসহ তাদের ধরে নিয়ে যায় বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন।

আটক জেলেদের পরিচয়

ধরে নেওয়া জেলেরা হলেন—নয়াপাড়ার মৃত লাল মিয়ার ছেলে আব্দুর রহমান মাঝি (৪৭), মৃত মকবুল আহমদের ছেলে গুরা মিয়া (৬৩), মৃত নুর আহমেদের ছেলে সব্বির আহমদ (৫৩), নুরুল ইসলামের ছেলে আব্দুল মতলব (৪২), শাহপরীর দ্বীপ ডেইলপাড়ার আহমদ আলী, নুরুল আবছার ও আবদুর রহিম।

পরিবারের আকুতি

ধরে নেওয়া জেলে আহমদ আলীর স্ত্রী জানান, তার স্বামীসহ তিনজনকে আরাকান আর্মি ধরে নিয়ে গেছে। স্বামী নাফ নদীতে জাল ফেলে মাছ শিকার করে সংসার চালাতেন। তিনি বলেন, “এখন বন্দি থাকলে আমার সংসার ও সন্তানদের নিয়ে কীভাবে চলবে? আমি সরকারের কাছে অনুরোধ জানাই, আমার স্বামীসহ বন্দিদের ফেরত আনতে।”

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নৌকা মালিকের বক্তব্য

নৌকার মালিক আবদুর শুক্কর জানান, তার নৌকায় চারজন ছিলেন। মাছ শিকার শেষে বাড়ি ফেরার পথে তাদের ধরে নিয়ে যায়। তিনি জেলেদের ফেরত আনতে সরকারের সহযোগিতা কামনা করেন।

বিজিবি ও প্রশাসনের পদক্ষেপ

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া জানান, জেলেদের ধরে নেওয়ার বিষয়টি শুনেছেন। ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহে সংশ্লিষ্ট বিওপি কমান্ডারকে নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমামুল হাফিজ নাদিম জানান, জেলেদের ঘটনার বিষয়ে তারা অবগত রয়েছেন এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ