বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সোমবার সংসদে জানিয়েছেন, সরকার তার নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি পূরণের অংশ হিসেবে রাষ্ট্রায়ত্ত টেক্সটাইল ও পাটকল পুনরুদ্ধারে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি), লিজিং ব্যবস্থা ও শিল্প উন্নয়ন প্রকল্পের মাধ্যমে উদ্যোগ নিয়েছে।
বিটিএমসির অধীনে ১৫টি মিল পিপিপি মডেলে চালু হবে
বিএনপির সংসদ সদস্য মোছা. ফরিদা ইয়াসমিন (সংরক্ষিত মহিলা আসন-৬)-এর এক জরুরি তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশনের (বিটিএমসি) অধীনে থাকা ২৫টি রাষ্ট্রায়ত্ত টেক্সটাইল মিলের মধ্যে ১৫টি পিপিপি মডেলে পরিচালনার জন্য নির্বাচন করা হয়েছে। তিনি জানান, চারটি টেক্সটাইল মিলের জন্য নির্বাচিত বেসরকারি অংশীদারদের সাথে ইতিমধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এর মধ্যে দুটি মিলে উৎপাদন পুনরায় শুরু হয়েছে, বাকিগুলো চালু করার কাজ চলছে।
দুটি মিল লিজ দেওয়া হয়েছে
এছাড়া, দুটি টেক্সটাইল মিল বেসরকারি অপারেটরদের কাছে লিজ দেওয়া হয়েছে, যার জন্য চুক্তি স্বাক্ষরিত এবং হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে মন্ত্রী জানান।
নারায়ণগঞ্জে টেক্সটাইল ভিলেজে জমি বরাদ্দ
মন্ত্রী বলেন, নারায়ণগঞ্জের চিত্তরঞ্জন কটন মিলসে টেক্সটাইল ভিলেজের জন্য উন্নত ২২টি শিল্প প্লটের মধ্যে ১০টি ইতিমধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে। একজন বিনিয়োগকারী বরাদ্দকৃত প্লটে একটি আধুনিক নিটিং ও গার্মেন্টস কারখানা স্থাপন করে উৎপাদন শুরু করেছেন।
দারোয়ানি ও মাগুরা টেক্সটাইল মিল পুনরায় চালু হবে
তিনি আরও জানান, নীলফামারীর দারোয়ানি টেক্সটাইল মিলস লিমিটেড এবং মাগুরার মাগুরা টেক্সটাইল মিলস লিমিটেড পিপিপি মডেলে পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
পাটকল খাতে অগ্রগতি
পাট খাত প্রসঙ্গে মুক্তাদির বলেন, বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের (বিজেএমসি) অধীনে ২৫টি রাষ্ট্রায়ত্ত পাটকলের উৎপাদন ২০২০ সালে সরকারি সিদ্ধান্তে স্থগিত করা হয়েছিল। বর্তমান সরকার তার নির্বাচনী ইশতেহার অনুযায়ী বন্ধ কলগুলো পুনরায় চালুর পদক্ষেপ নিয়েছে। তিনি জানান, এ পর্যন্ত ১৪টি পাটকল বেসরকারি অপারেটরদের কাছে লিজ দেওয়া হয়েছে, যার মধ্যে নয়টিতে উৎপাদন পুনরায় শুরু হয়েছে। আরও পাঁচটি মিলের লিজিং প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং সরকার আশা করছে ২০২৬ সালের ডিসেম্বর নাগাদ এগুলো বেসরকারি ব্যবস্থাপনায় চালু হবে। বাকি ছয়টি মিলও লিজিং প্রক্রিয়াধীন রয়েছে।
লিজিং থেকে বাদ পড়া পাঁচ মিলের ভবিষ্যৎ
লিজিং থেকে বাদ পড়া পাঁচটি মিলের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় অবস্থিত লতিফ বাওয়ানি জুট মিলস লিমিটেড ও করিম জুট মিলস লিমিটেডকে বাংলাদেশ ইকোনমিক জোনস অথরিটির (বেজা) মাধ্যমে শিল্প অঞ্চল ঘোষণার প্রক্রিয়াধীন রয়েছে বলে মন্ত্রী জানান।



