নারায়ণগঞ্জের ফতুল্লার গিরিধারা এলাকায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন আবুল কালাম নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (১১ মে) বেলা ১১টায় রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।
মৃত্যুর কারণ
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আবুল কালামের শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল এবং তার শ্বাসনালিও পুড়ে গিয়েছিল।
ঘটনার বিবরণ
এর আগে রোববার (১০ মে) গিরিধারা এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। অন্যদিকে ফতুল্লায় আবারও একটি বাসায় গ্যাস বিস্ফোরণে বাবা ও তার তিন ছেলে দগ্ধ হয়েছেন। সোমবার (১১ মে) সকাল সাড়ে ৬টার দিকে ফতুল্লার শিবু মার্কেটসংলগ্ন কুতুবপুর লাকিবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিরা
দগ্ধরা হলেন- আব্দুল কাদের (৫০) এবং তার তিন ছেলে- মেহেদী (১৭), যমজ সন্তান সাকিব (১৬) ও রাকিব (১৬)। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উপজেলায়।
স্থানীয় প্রশাসনের বক্তব্য
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম ফয়েজ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, তিতাস গ্যাসের কর্মকর্তারা জানিয়েছেন, গ্যাস জমে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।



