নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর বলেছেন, চলতি বোরো মৌসুমে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে হাওড়াঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের যে তালিকা প্রস্তুত করা হয়েছে, সেটি গ্রহণযোগ্য হয়নি। তালিকায় অতিরিক্ত নাম অন্তর্ভুক্ত হওয়ায় নতুন করে যাচাই-বাছাই করে তালিকা প্রণয়ন করা হবে। প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকাভুক্ত করে সহায়তা দেওয়া হবে।
ঈদের আগেই সহায়তার প্রতিশ্রুতি
তিনি আরও বলেন, ঈদের আগেই ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হবে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। শুক্রবার (৮ মে) বিকালে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার নূরানীপুর গ্রামে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে স্থানীয় জনতার উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
প্রকৃত ক্ষতিগ্রস্তদের অগ্রাধিকার
প্রকৃত ক্ষতিগ্রস্তদের অগ্রাধিকার ভিত্তিতে সহায়তা দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, বিএনপি ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের একটি তালিকা করা হয়েছিল। তবে সেই তালিকায় প্রকৃত ক্ষতিগ্রস্তদের পাশাপাশি অপ্রয়োজনীয় অনেক নামও এসেছে। এজন্য নতুন করে তালিকা করা হবে। নতুন তালিকায় বর্গাচাষি ও প্রান্তিক কৃষকদের অগ্রাধিকার দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, যারা বাস্তবিক অর্থে ক্ষতির শিকার হয়েছেন এবং সহায়তা পাওয়ার যৌক্তিকতা রাখেন- তাদেরই অন্তর্ভুক্ত করা হবে।
হাওড়াঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে
হাওড়াঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, আমরা বিচ্ছিন্নভাবে উন্নয়ন চাই না। হাওড়ের বাস্তবতা বিবেচনায় পরিকল্পিত ও দীর্ঘমেয়াদি উন্নয়ন চাই। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, সহ-সভাপতি মাসুদ রানা, যুগ্ম সম্পাদক তরিকুজ্জামান তরু, সাংগঠনিক সম্পাদক জিয়া উদ্দিনসহ অঙ্গসংগঠনের নেতারা।



