লক্ষ্মীপুরের দত্তপাড়ার বটতলী মাদ্রাসাসংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ে শুক্রবার (৮ মে) অনুষ্ঠিত হয়েছে ফ্রি হেলথ ক্যাম্প। এক্স নটরডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে, রিজুভা ওয়েলনেস ও প্রোব ডায়াগনস্টিকের সহযোগিতায় প্রান্তিক রোগীদের জন্য এই ক্যাম্পের আয়োজন করা হয়।
তিন শতাধিক রোগী পেলেন সেবা
স্বাস্থ্য ক্যাম্পে বাত-ব্যথা, প্যারালাইসিস, স্পোর্টস ইনজুরি, হৃদরোগ, মেডিসিন, ডায়াবেটিস, পেটের পীড়া ও জনস্বাস্থ্য সংক্রান্ত নানা সমস্যায় তিন শতাধিক রোগীকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকা থেকে রোগীরা এসে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন এবং এ ধরনের উদ্যোগ নেওয়ায় আয়োজকদের ধন্যবাদ জানান। বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের সমস্যা শুনে ও পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসাপত্র দেন। পাশাপাশি রোগীদের জন্য বিনামূল্যে জরুরি ওষুধ প্রদান করা হয় এবং প্রয়োজনীয় রক্ত পরীক্ষা ও ইসিজি স্বল্পমূল্যে সম্পন্ন করা হয়।
চিকিৎসক দল
ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন জাতীয় হৃদরোগ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ও হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ এবং ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি ডা. শাকিল আরিফ চৌধুরী, ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. মো. আব্দুল হালিম, ব্যথা ও স্পোর্টস ইনজুরি বিশেষজ্ঞ এবং ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা. দলিলুর রহমান, ফিজিওথেরাপি ও ব্যথা বিশেষজ্ঞ ডা. মিজানুর রহমান, ডা. আলী হায়দার ও ডা. মোনায়েম খান রাজু।
স্বেচ্ছাসেবীদের ভূমিকা
ফাউন্ডেশনের পক্ষে ক্যাম্প পরিচালনা করেন স্থানীয় সংগঠক আতিকুর রহমান ও ফজলুর রহমান। এ সময় বটতলী মাদ্রাসার একদল স্বেচ্ছাসেবী শিক্ষার্থীও সহযোগিতা করেন। রিজুভা ওয়েলনেস ও প্রোব ডায়াগনস্টিকের পক্ষে পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন মেডিকেল টেকনোলজিস্ট মাসুদ রানা, ডিএমএফ রাফিউল ইসলাম, বিদ্যুৎ চন্দ্র দাস এবং স্থানীয় শাহাদাত হোসেন।



