কুরবানির ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন অঞ্চলে বড় আকৃতির গরু নিয়ে চলছে আলোচনা। এরই মধ্যে নওগাঁর বদলগাছী উপজেলায় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ‘সোনা-মানিক’ নামের বিশাল আকৃতির এক ষাঁড়। প্রায় ৪০ মণ ওজনের এই ষাঁড়টি দেখতে প্রতিদিনই ভিড় করছেন বিভিন্ন বয়সের মানুষ।
‘সোনা-মানিক’ যেভাবে আলোচনায়
উপজেলার আধাইপুর গ্রামের বাসিন্দা আবু জাফরের বাড়িতে গেলেই চোখে পড়ে বিশাল দেহের এই ষাঁড়টি। দূর থেকে দেখলে অনেকের কাছে এটি ছোটখাটো পাহাড়ের মতো মনে হয়। কালো ও লাল রঙের মিশ্রণে গড়া শক্তপোক্ত গঠনের গরুটি সহজেই দর্শনার্থীদের নজর কাড়ছে।
মালিকের দাবি
মালিক আবু জাফরের দাবি, নেপালি জাতের এই ষাঁড়টির ওজন প্রায় এক হাজার ৫০০ কেজি বা ৪০ মণ। গত কয়েক সপ্তাহ ধরে প্রতিদিনই আশপাশের এলাকা থেকে মানুষ গরুটি দেখতে আসছেন। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি প্রচার করছেন।
আবু জাফর বলেন, ‘সোনা-মানিককে আমরা পরিবারের সদস্যের মতো করে বড় করেছি। কোনো ধরনের ইনজেকশন বা কৃত্রিমভাবে মোটাতাজাকরণ করা হয়নি। ঘাস, তুষ ও চালের গুঁড়া খাইয়ে প্রায় চার বছর ধরে লালন-পালন করেছি।’
তিনি আরও জানান, গরুটির পেছনে প্রতিদিন প্রায় ৬০০ থেকে ৭০০ টাকা খরচ হয়। ইতোমধ্যে বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা এসে গরুটি দেখে যাচ্ছেন। তিনি ষাঁড়টির দাম ১২ লাখ টাকা নির্ধারণ করেছেন। উপযুক্ত দাম পেলে বাড়ি থেকেই বিক্রি করবেন বলে জানান।
স্থানীয়দের প্রতিক্রিয়া
স্থানীয় বাসিন্দা রায়হান আলী বলেন, ‘প্রতি বছরই আবু জাফরের পরিবার বড় গরু পালন করে থাকেন। তবে এবার ‘সোনা-মানিক’ আকার ও ওজনের কারণে আলাদাভাবে সবার নজর কেড়েছে।’
উপজেলা সদরের বাসিন্দা আশরাফুল ইসলাম বলেন, ‘গরুটি দেখতে গিয়েছিলাম। দূর থেকে দেখে মনে হয়েছে যেন একটি হাতি দাঁড়িয়ে আছে। সেলফি ও ভিডিও নিয়েছি বন্ধু ও আত্মীয়দের দেখানোর জন্য।’
প্রাণিসম্পদ কর্মকর্তার বক্তব্য
বদলগাছী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রীপা রানী জানান, এবারের কুরবানির ঈদে উপজেলায় ৫৪ হাজার ৮২০টি গবাদিপশু প্রস্তুত রয়েছে। স্থানীয় চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন অঞ্চলেও পশু সরবরাহ করা সম্ভব হবে। তিনি বলেন, ‘সোনা-মানিক’ ইতোমধ্যে এলাকায় আলোচনায় এসেছে এবং মালিক যেন ন্যায্য মূল্য পান, সেটিই প্রত্যাশা।
ঈদ যত ঘনিয়ে আসছে, ‘সোনা-মানিক’কে ঘিরে মানুষের আগ্রহ ততই বাড়ছে। শেষ পর্যন্ত গরুটি কত দামে বিক্রি হয়, সেটিই এখন দেখার বিষয়।



