ঢাকার দোহারে কৃষকের স্বপ্নের ফসল বোরো ধান উঠতে শুরু করেছে। দীর্ঘদিন পর ধান পাকতে শুরু করলে কৃষকেরা কাটতে ব্যস্ত হয়ে পড়েন। কিন্তু টানা কয়েক দিনের বৃষ্টিতে বোরো ধান ডুবে বিপাকে পড়েছেন তারা।
পানিতে ডুবে ধান কাটার দৃশ্য
দোহারের নিকড়া আরিয়ালবিল এলাকা ঘুরে দেখা গেছে, পানির মধ্যে থেকে ধান কেটে কেউ মাথায় করে রাস্তার পাড়ে আনছেন, আবার কেউ ঘোড়ার গাড়ি করে বাড়ির দিকে নিয়ে যাচ্ছেন। তবে ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে হাসি থাকলেও কষ্টের ফসল আশানুরূপ দাম পাচ্ছে না তারা।
কৃষকদের ভাষ্য
আড়িয়াল বিলের কৃষক আবুল হোসেন বলেন, 'আমি ১২ বিঘা জমিতে বোরো ধান চাষ করেছি। বিগত দিনের তুলনায় ফলন বেশি হয়েছে। আশা করি ভালো ফলন পাব; কিন্তু টানা বৃষ্টিতে ধান ক্ষেত তলিয়ে গেছে। পানির তলে থেকে কৃষাণ ধান কাটতে চায় না, আর কাটতে চাইলেও বেশি টাকা দিতে হয়।'
মানিকগঞ্জ থেকে আসা কৃষক রবিউল ইসলাম বলেন, 'এ বছরের প্রথম ধান কাটছি। সব খেতে ফলন ভালো। ভাবছিলাম জমি শুকনা পাব, কিন্তু বৃষ্টিতে ধান পানিতে পড়ে গেছে। পানিতে দাঁড়িয়ে কাটতে কষ্ট হচ্ছে, সময় বেশি লাগছে, পানিবাহিত রোগও হচ্ছে।'
কৃষক আজমত আলী বলেন, 'আগাম ধান লাগিয়েছিলাম, তাই আগে পেকে গেছে। এখন ক্ষেত থেকে রাস্তায় আনছি। এর মধ্যে আবার বৃষ্টি। এই ঝড়-বৃষ্টির আগে ফসল ঘরে তুলতে না পারলে লোকসান হবে।'
নিকড়ার কৃষক রাজ্জাক হোসেন জানান, 'প্রতি বছর সরকার ধান কিনতে আসে, কিন্তু খরচের তুলনায় ন্যায্য মূল্য পাই না। বাজারে পাইকারি হাটে ৭০০-৮০০ টাকা মণ বিক্রি করতে হয়। এবার ফলন ভালো হলেও শেষে বৃষ্টি এসে অনেক কৃষকের ক্ষতির মুখে পড়তে হবে।'



