বাগমারায় বিএনপি নেতার মাছের প্রকল্পে বিষ, অর্ধকোটি টাকার ক্ষতি
বাগমারায় বিএনপি নেতার মাছের প্রকল্পে বিষ, অর্ধকোটি টাকার ক্ষতি

রাজশাহীর বাগমারায় স্থানীয় আওয়ামী লীগের দুই নেতার বিরুদ্ধে শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আতাউর রহমানের লিজ নেওয়া একটি মৎস্য চাষ প্রকল্পে বিষ ঢেলে দিয়ে প্রায় অর্ধকোটি টাকার চাষ করা মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আশরাফ আলী ও কার্যনির্বাহী কমিটির সদস্য আবু তাহেরসহ অজ্ঞাত আরও ৫-৬ জনের বিরুদ্ধে শুক্রবার বাগমারা থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

প্রকল্পের বিবরণ ও পূর্বাপর

জানা গেছে, শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান শুভডাঙ্গা ইউনিয়নের শুভডাঙ্গা থেকে রাঘোপাড়া গ্রাম পর্যন্ত দাঁড়ার দুই পাশে ৭০ বিঘা জমি ৫ বছরের জন্য লিজ নিয়ে প্রকল্পের মাধ্যমে মাছ চাষ করে আসছেন। এর আগে শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আশরাফ আলী খাঁ ও কার্যনির্বাহী কমিটির সদস্য আবু তাহেরসহ আওয়ামী লীগের স্থানীয় আরও কিছু নেতাকর্মীরাও ওই প্রকল্পের সঙ্গে শেয়ারদার হিসেবে যুক্ত ছিলেন। কিন্তু গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গ্রেফতার এড়াতে তারা আত্মগোপন করেন।

বিরোধের সূত্রপাত ও বিষ প্রয়োগ

সম্প্রতি আশরাফ আলী ও আবু তাহের এলাকায় ফিরে আসার পর ওই মৎস্য চাষ প্রকল্প দখলের জন্য আতাউর রহমানকে হুমকি দেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধের জেরে শুক্রবার ভোরে ওই প্রকল্পের পানিতে শত্রুতা করে বিষ ঢেলে দেওয়া হয়। এতে ওই প্রকল্পের রুই, কাতলা, মৃগেল, সিলভারকাপ, জাপানি রুই, কালবাউস ও গ্রাসকাপসহ বিভিন্ন প্রজাতির চাষকরা সব মাছ মরে পানিতে ভেসে উঠে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে প্রকল্পের মালিক আতাউর রহমান অভিযোগে দাবি করেছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

বাগমারা থানার ওসি জিল্লুর রহমান বলেন, এটি একটি অমানবিক ঘটনা। এ বিষয়ে অভিযোগ পাওয়া মাত্র ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্তসাপেক্ষে এ ঘটনার মূল হোতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ