পাওনা টাকা নিয়ে বন্ধুর ছুরিকাঘাতে কক্সবাজারে কিশোর খুন
পাওনা টাকা নিয়ে বন্ধুর ছুরিকাঘাতে কিশোর খুন

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে হামিদ নামে এক কিশোরকে হত্যা করেছে তার বন্ধু। এ ঘটনায় অভিযুক্ত যুবক, তার মা ও বোনকে আটক করেছে পুলিশ।

ঘটনার বিবরণ

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জালালাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ লরাবাগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হামিদ (১৭) ওই এলাকার আবুল কালামের ছেলে। তিনি পেশায় মোবাইল মেরামতকারী ছিলেন। অভিযুক্ত মো. শামীম (২২) একই এলাকার মো. সিদ্দিকের ছেলে এবং টমটমচালক। আটক অন্যরা হলেন তার মা ফাতেমা বেগম (৪০) ও বোন রুমেনা আক্তার (২০)।

বিরোধের সূত্রপাত

স্থানীয়দের বরাতে জানা যায়, শামীম ও হামিদ দুজনে বন্ধু। কিছুদিন আগে শামীম তার একটি মোবাইল ফোন হামিদের কাছে মেরামত করান; কিন্তু মেরামতের টাকা পরিশোধ না করায় তাদের মধ্যে বিরোধ তৈরি হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঘটনার প্রত্যক্ষদর্শী

জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর তাজ জনি বলেন, মঙ্গলবার সকালে পাওনা টাকা চাইতে গেলে দুই বন্ধুর মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শামীমের মা ও বোন ঘটনাস্থলে এসে হামিদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ান। পরে শামীম হঠাৎ ছুরিকাঘাত করে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে। পরে মা ও বোনকেও আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আহত অবস্থায় হামিদকে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের বক্তব্য

ঈদগাঁও থানার ওসি এটিএম সিফাতুল মাজদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত শামীমসহ তিনজনকে আটক করেছে। হত্যায় ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ