টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি জানিয়েছেন, মিয়ানমারে পাচারের সময় নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে ২ হাজার ৪০০ বস্তা সিমেন্ট ও তিনটি বোটসহ ৩৩ জন পাচারকারীকে আটক করা হয়েছে।
অভিযানের বিবরণ
রোববার (১৭ মে) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় গত শনিবার সারা দিনব্যাপী কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী, স্টেশন সেন্টমার্টিন ও নৌবাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
ওই এলাকায় সন্দেহজনক তিনটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশে বহন করা প্রায় ১৬ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ২ হাজার ৪০০ বস্তা সিমেন্ট ও পাচার কাজে ব্যবহৃত তিনটি বোটসহ ৩৩ জন পাচারকারীকে আটক করা হয়।
পাচারকারীদের জিজ্ঞাসাবাদ
আটক পাচারকারীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা ফিশিং বোট তিনটির মাধ্যমে হাতিয়া ও সন্দ্বীপের বিভিন্ন জায়গা থেকে সিমেন্ট বোঝাই করে মিয়ানমারের নিষিদ্ধ গোষ্ঠীকে সরবরাহের উদ্দেশে যাচ্ছিল। এ ধরনের চোরাচালানের সঙ্গে জড়িত মূলহোতাদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।
জব্দ করা সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত বোট এবং আটক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



