পূর্ব সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে ১০ জেলে গ্রেফতার
পূর্ব সুন্দরবনের পৃথক স্থানে বনরক্ষীদের অভিযানে ১০ জেলেকে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা হয়েছে তিনটি নৌকাসহ জাল ও বিপুল পরিমাণ কাঁকড়া। গ্রেফতার জেলেদের শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে এই জেলেদের গ্রেফতার করা হয়।
অভিযানের বিবরণ
সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে বনরক্ষীরা পৃথক পৃথক অভিযান চালিয়ে সুন্দরবনের জোংড়া এলাকায় ২টি নৌকাসহ ৪ জেলে, করমজল এলাকায় একটি নৌকাসহ ৩ জেলে এবং ঢাংমারী এলাকায় নৌকাসহ ৩ জেলেকে গ্রেফতার করে। এ সময় ১০টি ক্যারেটে দুই শতাধিক কেজি কাঁকড়া জব্দ করা হয়।
গ্রেফতার জেলেদের পরিচয়
গ্রেফতার জেলেরা হলেন- বকুল মল্লিক (৩০), জয়নাল শেখ (২৯), সেলিম মল্লিক (২২), সালাম মল্লিক, এনামুল কবির (৪৩), আবু আনছার শেখ (৩২), জাকারিয়া মল্লিক (৪৮), ইয়াসিন (৪২), কিবরিয়া (৫৫), আনোয়ার গাজী (৭০)। তাদের বাড়ি রামপাল ও মোংলা উপজেলার বিভিন্ন গ্রামে।
নিষেধাজ্ঞা ও আইনানুগ ব্যবস্থা
পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করীম চৌধুরী বলেন, বর্তমানে সুন্দরবনে মাছ ধরায় তিন মাসের নিষেধাজ্ঞা জারি রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে গ্রেফতার ১০ জেলে সুন্দরবনে অবৈধভাবে প্রবেশ করে মাছ ও কাঁকড়া শিকার করেছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গ্রেফতার জেলেদের কবল থেকে জব্দ করা কাঁকড়া খুলনা ফরেস্ট ঘাটের কাছে রূপসা নদীতে অবমুক্ত করা হয়েছে।



