নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন শুক্রবার (৮ মে) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।
ব্যাংকের এফডিআর ছেড়ে এখন ট্রেজারি বিল-বন্ডে ঝুঁকছে সাধারণ মানুষ
ব্যাংকের আমানত, এফডিআর কিংবা সঞ্চয়পত্র— দীর্ঘদিন ধরেই দেশের সাধারণ মানুষের সঞ্চয়ের প্রধান ভরসা ছিল এসব খাত। তবে সাম্প্রতিক সময়ে নিরাপদ বিনিয়োগের নতুন ক্ষেত্র হিসেবে সামনে আসছে সরকারি সিকিউরিটিজ বা ট্রেজারি বিল-বন্ড এবং ইসলামিক বিনিয়োগপণ্য সুকুক। তুলনামূলক নিরাপদ, বাজারভিত্তিক মুনাফা এবং সরকারের প্রত্যক্ষ গ্যারান্টি থাকায় এসব বিনিয়োগে ধীরে ধীরে বাড়ছে সাধারণ মানুষের আগ্রহ।
নূর আলী ও বোরাক রিয়েল এস্টেটের বিরুদ্ধে ১১৫ কোটি টাকার মামলা
রাজধানীর বনানীতে ডিএনসিসি নিয়ন্ত্রিত সরকারি জমিতে নির্মিত ‘বনানী সুপার মার্কেট কাম হাউজিং’ প্রকল্পে অনিয়ম, প্রতারণা ও মানিলন্ডারিংয়ের অভিযোগে ইউনিক গ্রুপের কর্ণধার নূর আলী এবং তার প্রতিষ্ঠান বোরাক রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রবেশের পর মসজিদে ধাক্কাধাক্কি ও বিশৃঙ্খলা
নারায়ণগঞ্জ শহরের মাসদাইর মসজিদে জুমার নামাজ আদায় করতে এসেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় তার আগমনকে ঘিরে মসজিদের ভেতরে ধাক্কাধাক্কি ও হট্টগোলের সৃষ্টি হয়। এতে মসজিদের দরজার গ্লাস ভেঙে অন্তত দুই মুসল্লি আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
অবশেষে সরকার গঠনে ১১৮ বিধায়কের সমর্থন পেলেন বিজয়
তামিলনাড়ুর রাজনীতিতে নাটকীয় মোড়। অবশেষে সরকার গঠনে ১১৮ বিধায়কের সমর্থন পেলেন তামিলাগা ভেট্টি কাজাগম (টিভিকে) প্রধান তামিল অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়। শুক্রবার (৮ মে) বিকাল সাড়ে ৪টায় রাজ্যপালের রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছেন বিজয়। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।
আইসিসির প্লেয়ার অব দ্য মান্থের লড়াইয়ে বাংলাদেশের নাহিদ
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে সেরা পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। আইসিসির এপ্রিলের প্লেয়ার অব দ্য মান্থের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। ৩ জনের সংক্ষিপ্ত তালিকায় আরও আছেন ওমানের ব্যাটার যতিন্দর সিং ও সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেটার আজয় কুমার। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তরুণ পেসার নাহিদ নিয়েছেন ৮ উইকেট। তার বোলিং গড় ছিল ১৬.৭৫ এবং ইকোনমি রেট ৪.৪৬। সিরিজসেরার পুরস্কারও জেতেন তিনি।



