শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘আমরা চাই বছরজুড়ে আমাদের ছেলেমেয়েরা খেলাধুলা ও পড়ালেখায় ব্যস্ত থাকুক। এর ফলে মেধা ও মননের সংস্কার হবে। ভবিষ্যৎ প্রজন্ম নতুন জাতি হিসেবে সারা বিশ্বের মানচিত্রে আমাদের তুলে ধরবে। এই বিশ্বাস আমাদের রয়েছে।’
শনিবার (২ মে) বিকালে চাঁদপুর স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নতুন কুঁড়ি সংস্কৃতির মাধ্যমে সারা দেশে অনুষ্ঠান শুরু করেছিলেন। সেখান থেকে অনেক প্রতিভা বের হয়ে আসছিল। আজকে তারই ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে সারা দেশে মেধাবীদের খুঁজে বেড়াচ্ছেন। বিশ্বের খেলাধুলার ন্যায্য হিস্যা আমরা পাইনি। সে জায়গায় যেন আগামী দিনে আমাদের হিস্যা বুঝে পাই, আমাদের সন্তানরা যাতে বিশ্বমানের খেলাধুলায় অংশ নিতে পারে, সেই দিকে লক্ষ্য রেখে এই যাত্রা শুরু করেছেন প্রধানমন্ত্রী।’
তিনি বলেন, ‘আমরা দেখেছি বিগত দিনে সামাজিকভাবে আমাদের তরুণ প্রজন্মের অবক্ষয় ঘটেছিল। তারা মাদকাসক্ত হয়েছিল। আওয়ামী লীগ সরকার এ বিষয়ে কার্যকর প্রদক্ষেপ নেয়নি। আজকে আমাদের প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে জীবনযাপন উন্নত করার জন্য নতুন কুঁড়ির যাত্রা শুরু করেছেন।’
মন্ত্রী আরও বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে খেলাধুলা চালুর ব্যবস্থা করে দিয়েছে। খেলাধুলার এই ধারা অব্যাহত থাকবে।’
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য এম এ হান্নান ও চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মমিনুল হক।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (এসপি) মো. রবিউল হাসান, জেলা পরিষদের প্রশাসক সলিম উল্যাহ সেলিম, পৌরসভার প্রশাসক মো. এরশাদ উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএমএন জামিউল হিকমা ও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী।
বক্তব্য শেষে শিক্ষামন্ত্রী বেলুন উড়িয়ে নতুন কুঁড়ি স্পোর্টসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় খেলাধুলার বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়া শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে সারা দেশে একযোগে নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাকৃতিক দুর্যোগের কারণে ওই অনুষ্ঠানে চাঁদপুর জেলা সংযুক্ত হতে পারেনি।



