আফগানিস্তানের নারী ফুটবল খেলোয়াড়দের জন্য বড় সুখবর দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এখন থেকে বিশ্বকাপসহ ফিফা আয়োজিত যেকোনো প্রতিযোগিতায় আফগানিস্তানের নামে অংশ নিতে পারবেন তারা।
আফগান উইমেন ইউনাইটেড থেকে আফগানিস্তান
আপাতত ‘আফগান উইমেন ইউনাইটেড’ নামে খেলছিলেন দেশটির নারী ফুটবলাররা। ফিফার নতুন সিদ্ধান্তে তারা এখন নিজ দেশের পতাকা ও নাম নিয়ে মাঠে নামতে পারবেন। ২০১৮ সালে সর্বশেষ কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছিল আফগান নারী ফুটবল দল।
তালিবান শাসনে নিষিদ্ধ ফুটবল
২০২১ সালে তালিবান আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর নারী ফুটবল দলটি বিলুপ্ত করা হয় এবং নারীদের ফুটবল খেলা নিষিদ্ধ ঘোষণা করা হয়। এরপর থেকে দেশের বাইরে অবস্থান করছেন দেশটির নারী ফুটবলাররা। তাদের অধিকাংশই এখন অস্ট্রেলিয়ায় বসবাস করছেন এবং সেখানকার বিভিন্ন ক্লাবে খেলছেন।
নাজিয়া আলির প্রতিক্রিয়া
অস্ট্রেলিয়ায় অবস্থানরত আফগান নারী ফুটবলার নাজিয়া আলি বলেন, ‘গত কয়েক বছরে আমরা বিভিন্ন নামে ফুটবল খেলেছি—কখনও উদ্বাস্তুদের দল, কখনও আফগানি উইমেন ইউনাইটেড, আবার কখনও অন্য ক্লাবে। কিন্তু মনেপ্রাণে আমরা সবসময় আফগানিস্তানের নারী দলের ফুটবলার। অবশেষে আবার দেশের পতাকা গায়ে জড়াতে পারব। এর থেকে আনন্দের আর কিছু নেই।’
ফিফা কাউন্সিলের সিদ্ধান্ত
গত মঙ্গলবার কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফা কাউন্সিলের বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সংবাদসংস্থা এপির এক প্রতিবেদনে বলা হয়েছে, পরের বছর ব্রাজিলে অনুষ্ঠেয় নারী ফুটবল বিশ্বকাপের বাছাই পর্বে অংশ নেওয়ার সুযোগ আর নেই তাদের। তবে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে খেলার সুযোগ রয়েছে।
ইনফান্তিনোর বিবৃতি
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এক বিবৃতিতে বলেন, ‘আফগান উইমেন ইউনাইটেড নাম নিয়ে আফগানিস্তানের নারী ফুটবলাররা যে সুন্দর যাত্রা শুরু করেছিলেন, তাকে আরও একটু মসৃণ করার চেষ্টা করেছি। তারা এখন থেকে দেশের হয়েই ফিফার সব প্রতিযোগিতায় খেলতে পারবে।’



