সারা দেশের সঙ্গে একযোগে যশোরেও নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে যশোরে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ উপলক্ষে শনিবার বিকাল ৪টায় যশোর শামসুল হুদা স্টেডিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রীর বক্তব্য
অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘ক্রীড়াঙ্গনে ভিত্তি গড়ে উঠে স্কুলপর্যায় থেকে। তারই অংশ হিসেবে সারা দেশে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্যোগ নিয়েছে সরকার। এর আগে দেশে নতুন কুঁড়ি সাংস্কৃতিক কর্মকাণ্ডে ভূমিকা রাখলেও প্রথমবারের মতো বিস্তৃতি ঘটলো ক্রীড়াক্ষেত্রেও। এর ফলে আগামী পাঁচ বছরের মধ্যে ক্রীড়াঙ্গনের চিত্র বদলে যাবে।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘সারা দেশে শিশু-কিশোরদের মধ্য থেকে প্রতিভা অন্বেষণে এই প্রতিযোগিতা শুরু হলো। এর মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ গড়ে তুলতে চায় সরকার। নির্বাচনি ইশতেহার অনুযায়ী এই কর্মসূচি শুরু করেছে বিএনপি। নতুন কুঁড়ি স্পোর্টস ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ খেলোয়াড় তৈরিতে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।’
অনুষ্ঠানে উপস্থিতি
অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু ও কিশোর-কিশোরীরা উপস্থিত ছিলেন।
লক্ষ্য ও ইভেন্ট
এদিকে, এ ধরনের আয়োজনের ফলে তৃণমূল থেকে খেলোয়াড় উঠে আসবে বলে মনে করছেন সাবেক খেলোয়াড় ও অংশ নেওয়া শিক্ষার্থীরা। আয়োজকরা জানান, ১২ থেকে ১৪ বছর বয়সি শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই এবং রাষ্ট্রীয়ভাবে তাদের বিকাশের সুযোগ তৈরি করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। এ আয়োজনের আওতায় ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্টসহ মোট আটটি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।



