যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একত্রিত করার অন্যতম শক্তিশালী মাধ্যম হলো খেলাধুলা। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকার কাজ করছে। প্রতিভাবান খেলোয়াড় অন্বেষণে অতি শিগগিরই ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি শুরু করা হবে। এ কর্মসূচির মাধ্যমে গ্রামের তৃণমূল থেকে নতুন প্রতিভা খুঁজে বের করে তাদের জাতীয় পর্যায়ে তুলে আনার উদ্যোগ নেওয়া হবে।
বৃহস্পতিবার বিকালে (১৪ মে) ময়মনসিংহের গফরগাঁও উপজেলার আস্কর আলী উচ্চ বিদ্যালয় মাঠে কান্দিপাড়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টুর্নামেন্টে উপস্থিত অতিথিরা
ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে ফুটবল টুর্নামেন্ট খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, ময়মনসিংহ জেলা প্রশাসকের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) উম্মে হাবীবা মীরা, জেলা প্রশাসকের স্থানীয় সরকার শাখার সহকারী পরিচালক মোহাম্মদ জামিলুর রহমান, গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার এনএম আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
প্রতিমন্ত্রীর বক্তব্য
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার অনিয়ম দুর্নীতির মাধ্যমে দেশে ক্রীড়া ব্যবস্থাকে ধ্বংস করেছে। এতে তৃণমূল পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়রা বঞ্চিত হয়েছে।
এর আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী উপজেলার গফরগাঁও থানার চরআলগী ইউনিয়ন এবং পাগলা থানার দত্তের বাজার ইউনিয়নের কন্যা মণ্ডল এলাকায় মাল্টিপারপাস স্টেডিয়াম নির্মাণের জন্য সম্ভাব্য স্থান পরিদর্শন করেন।
খেলার ফলাফল
খেলায় কেবিএন স্পোর্টিং ক্লাবকে হারিয়ে দত্তরবাজার অগ্রণী বয়েজ ক্লাব বিজয়ী হয়।



