রাজধানীর লালবাগে কিশোর গ্যাংয়ের গুলিতে যুবক আহত
লালবাগে কিশোর গ্যাংয়ের গুলিতে যুবক আহত

রাজধানীর লালবাগের শহীদ নগর এলাকায় কিশোর গ্যাংয়ের গুলিতে মো. রাফি (২৬) নামে এক যুবক আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে শহীদ নগরের ৩ নম্বর গলিতে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে রাত সোয়া ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

আহত যুবকের পরিচয়

আহত রাফি লালবাগের শহীদ নগর এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। তার বাবার নাম মো. তাইজুদ্দিন। স্বজনরা জানান, রাফি অনলাইনে বিভিন্ন গেঞ্জিতে প্রিন্ট করে বিক্রি করতেন।

ঘটনার বিবরণ

ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাফি জানান, রাতের দিকে এলাকার চিহ্নিত মাদক কারবারি ও কিশোর গ্যাং সদস্য ইমন, শাহবুদ্দিন, মিন্টু ও রেজাউলসহ ৮ থেকে ৯ জন হঠাৎ তার পেছন দিক থেকে এসে ‘শাহীন’ নামের এক ব্যক্তির খোঁজ জানতে চায়। তিনি শাহীন নামে কাউকে চেনেন না বলে জানালে তাদের মধ্যে থাকা ইমন পিস্তল দিয়ে তার বুক ও পিঠের মাঝামাঝি স্থানে গুলি করে পালিয়ে যায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উদ্ধার ও চিকিৎসা

গুলিবিদ্ধ হওয়ার পর পরিবারের সদস্য ও বন্ধুরা তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

পুলিশের বক্তব্য

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, রাতের দিকে গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হয়েছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন আলী যুগান্তরকে জানান, গুলির ঘটনার খবর পুলিশ পেয়েছে। আহত যুবক বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনায় পুলিশের ইন্টেলিজেন্স টিম তথ্য সংগ্রহ করছে। পরিবারের পক্ষ থেকে লালবাগ থানায় লিখিত অভিযোগ দিলে মামলা রুজু করা হবে বলেও জানান তিনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ