জয়পুরহাট সদর উপজেলার কালেক্টরেট মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে তৌফিকুল ইসলাম (১৪) নামে এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত দুই কিশোরকে আটক করেছে পুলিশ। আহত তৌফিকুল ইসলাম উপজেলার হাজীপাড়া এলাকার শাহিদুজ্জামানের ছেলে। সে জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ের ছাত্র। আটকরা হলেন, সদর উপজেলার পাঠানপাড়া এলাকার পলাশ ও হিচমি পশ্চিমপাড়ার শফিক রাজ।
ঘটনার বিবরণ
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার জয়পুরহাট শহরের কালেক্টরেট মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে পলাশ ও শফিক রাজের সঙ্গে তৌফিকুলের কথা কাটাকাটি হয়। এর জের ধরে মঙ্গলবার দুপুরে কালেক্টরেট মাঠ এলাকায় পলাশ ও শফিক রাজ মিলে তৌফিকুলকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
পুলিশের বক্তব্য
জয়পুরহাট সদর থানার ওসি নুরে আলম সিদ্দিকী জানান, ঘটনার পরপরই স্কুল কর্তৃপক্ষ ওই দুইজনকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে। এ ঘটনায় দুই পক্ষের অভিভাবকের মধ্যে মীমাংসার কথা চলছে। মামলা হলে ব্যবস্থা নেওয়া হবে। মামলা না হলে ছেড়ে দেওয়া হবে বলেও মন্তব্য করেন ওসি।



