বাফুফের সঙ্গে গ্লো অ্যান্ড লাভলীর চুক্তি, নারী ফুটবলে নতুন অংশীদার
বাফুফের সঙ্গে গ্লো অ্যান্ড লাভলীর চুক্তি নারী ফুটবলে

বাংলাদেশের নারী ফুটবল দলের অফিশিয়াল ‘ট্রেনিং অ্যান্ড গ্রোথ পার্টনার’ হিসেবে বাফুফের সঙ্গে যুক্ত হলো ‘গ্লো অ্যান্ড লাভলী’। ভবিষ্যতেও নারী ফুটবলের উন্নয়ন ও খেলোয়াড়দের এগিয়ে নেওয়ার যাত্রায় সম্ভাব্য সব ধরনের উদ্যোগ নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে স্কিনকেয়ার ব্র্যান্ডটি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

গত বুধবার রাজধানীর র‍্যাডিসন ব্লু হোটেলে আয়োজিত এক চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে এই পার্টনারশিপের ঘোষণা দেওয়া হয়। চুক্তির আওতায় আগামী দুই বছর বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের ট্রেনিং ও গ্রোথ ডেভেলপমেন্টের সঙ্গে যুক্ত থাকবে ব্র্যান্ডটি। এই পার্টনারশিপের মাধ্যমে নারী ফুটবলারদের ব্যক্তিগত উন্নয়নমূলক প্রশিক্ষণ কার্যক্রমে সহায়তা করা হবে।

নারীর অগ্রযাত্রায় গ্লো অ্যান্ড লাভলী

নারীর অগ্রযাত্রায় গ্লো অ্যান্ড লাভলী দীর্ঘদিন ধরে কাজ করছে। শহর ও গ্রামে বিভিন্ন উদ্যোগের মাধ্যমে ব্র্যান্ডটি নারীদের জন্য সুযোগ তৈরিতে কাজ করে আসছে, যা অনেক তরুণীকে ক্যারিয়ার গঠন ও উদ্যোক্তা হওয়ার পথে অনুপ্রাণিত করেছে। গ্লো অ্যান্ড লাভলী বিশ্বাস করে, নারীরা যেন নিজেদের পরিচয়ে পরিচিত হন এবং আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যান। সেই বিশ্বাস থেকেই জাতীয় নারী ফুটবল দলের সঙ্গে এই পার্টনারশিপে যুক্ত হয়েছে ব্র্যান্ডটি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এর অংশ হিসেবে দলের অফিশিয়াল প্র্যাকটিস ও ট্রেনিং-সংক্রান্ত সরঞ্জাম, ট্রেনিং কিট এবং বাফুফে নিয়ন্ত্রিত নির্বাচিত যোগাযোগমাধ্যমে গ্লো অ্যান্ড লাভলীর লোগো প্রদর্শিত হবে।

উপস্থিত ছিলেন যারা

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল, ইউনিলিভার বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার, গোলরক্ষক ইয়ারজান বেগম ও মিডফিল্ডার উমেলা মারমা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উচ্চপদস্থ কর্মকর্তাদের বক্তব্য

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের বিউটি অ্যান্ড ওয়েলবিং হেড জাহিন ইসলাম বলেন, ‘গ্লো অ্যান্ড লাভলী অনেক বছর ধরেই নারীর মেধা বিকাশ ও উন্নয়ন নিয়ে কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় তাদের পরবর্তী দুই বছরের জন্য আমরা ট্রেনিং অ্যান্ড গ্রোথ পার্টনার হিসেবে সাপোর্ট দেব। আমরা আশা রাখি, এই ফুটবলাররাই নারীদের সামনের দিকে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবেন। এ ছাড়া তাঁদের সাফল্য নতুন প্রজন্মের ফুটবলারদের আরও উৎসাহ দেবে।’

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, ‘গ্লো অ্যান্ড লাভলীর সঙ্গে এই পার্টনারশিপ ব্র্যান্ড সম্পৃক্ততা এবং নারীদের প্রতিভার স্বীকৃতির ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা করি, ব্র্যান্ডের সিনার্জি খেলোয়াড়দের ওপরও প্রতিফলিত হবে। একই সঙ্গে এর মাধ্যমে নারী ফুটবল বাংলাদেশের বড় অ্যাম্বাসেডর হয়ে দাঁড়াবে। কারণ, বর্তমানে বিশ্বদরবারে দেশের নারীদের তুলে ধরতে ফুটবল খুব ভালো ভূমিকা রাখছে।’

বাফুফের সহসভাপতি ফাহাদ করিমের ভাষায়, ‘আমি বিশ্বাস করি, এই পার্টনারশিপ শুধু বর্তমান খেলোয়াড়দের নয়, ভবিষ্যতের ফুটবলারদেরও উৎসাহ দেবে।’

খেলোয়াড়দের প্রতিক্রিয়া

বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী দলের হয়ে সাফজয়ী গোলরক্ষক ইয়ারজান বেগম গ্লো অ্যান্ড লাভলীকে ধন্যবাদ জানান। উমেলা মারমা বলেন, ‘গ্লো অ্যান্ড লাভলীকে পাশে পেয়ে অনেক ভালো লাগছে। ভবিষ্যতেও যেন তারা এভাবে সমর্থন দিয়ে যায়।’ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকারের আশা, ‘দলের জন্য এত বড় পার্টনারশিপ এই প্রথম। তাই গ্লো অ্যান্ড লাভলীকে ধন্যবাদ জানাই। এবারের সাফ চ্যাম্পিয়নশিপে আমাদের হ্যাটট্রিক শিরোপার সুযোগ রয়েছে। সেখানে আমরা এই পার্টনারশিপকে কাজে লাগাতে চেষ্টা করব।’

সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি

২০২২ ও ২০২৪ সালে টানা দুবার সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল। গত মার্চে প্রথমবার অস্ট্রেলিয়ায় এএফসি নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলেছে তারা। বাংলাদেশ নারী ফুটবল দল এখন ব্যাংককে অষ্টম সাফ নারী চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি নিচ্ছে। ব্যাংকক থেকে ২১ মে ভারতের গোয়ায় যাবেন আফঈদারা।