কাউনিয়া (রংপুর) প্রতিনিধি জানিয়েছেন, কাউনিয়া উপজেলা পরিষদ চত্বরে ত্রৈমাসিক মতবিনিময় সভার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।
এমপি আখতারের বক্তব্য
এমপি আখতার হোসেন বলেন, ভোট হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। আপনারা একেক জন একেক দলের প্রার্থীকে ভোট দিয়েছেন। ভালোবেসে, টাকা পয়সা না নিয়ে নিঃস্বার্থভাবে সেই ভোট দিয়ে আমাকে এমপি নির্বাচিত করেছেন। ভোটে বিভিন্ন দল অংশ নিয়েছে। কেউ ভোট কম পেয়েছেন, আবার কেউ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন। আমিও তেমনি বেশি ভোট পেয়ে এমপি নির্বাচিত হয়েছি। আপনাদের কাছে এ জন্য আমি কৃতজ্ঞ।
তিনি আরও বলেন, আমি দল-মত নির্বিশেষে সবার এমপি হয়ে কাজ করতে চাই। ভোটের আগে আমি কোনো এক দলের হয়ে নির্বাচন করেছি, কিন্তু নির্বাচিত হওয়ার পর আমি এখন সবার এমপি। সবাইকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়ন করতে চাই। ভোটের আগে আমি আপনাদের কথা দিয়েছিলাম, এমপি নির্বাচিত হলে তিন মাস পরপর আপনাদের সঙ্গে ত্রৈমাসিক মতবিনিময় সভা করে আপনাদের মতামত জানব। যত রাতই হোক, আমি সবার কথা শুনব।
সভার আয়োজন
সোমবার বেলা ১১টায় কাউনিয়া উপজেলা পরিষদ চত্বরে এই ত্রৈমাসিক মতবিনিময় সভার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াত আমির মাওলানা আব্দুস সালাম সরকার। এতে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি জেলা শাখার সংগঠক মোস্তাইন বিল্লাহ, এনসিপি কাউনিয়া উপজেলা শাখার প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম, জামায়াতে ইসলামী বালাপাড়া ইউনিয়ন শাখার সভাপতি আব্দুর রহিম প্রমুখ।
স্বচ্ছতার ওপর জোর
সংসদ সদস্য আখতার হোসেন বলেন, আগে মসজিদ-মন্দিরের জন্য যে সাহায্য আসত, তা ভাগ বাটোয়ারা করে খেয়ে কিছু অংশ মসজিদ-মাদ্রাসায় দেওয়া হতো। কিন্তু আমি সরকারি যেটুকু বরাদ্দ পেয়েছি, তা কোন কোন মসজিদ, মাদ্রাসা, মন্দিরে দিয়েছি, তা ফেসবুকে প্রকাশ করেছি, যাতে এলাকার মানুষ বুঝতে পারে কোন কোন ধর্মীয় প্রতিষ্ঠান বরাদ্দ পেল। গত ঈদুল ফিতরে আমি ১০ লাখ টাকা বরাদ্দ পেয়েছিলাম, তার মধ্যে পীরগাছা উপজেলায় সাড়ে পাঁচ লাখ এবং কাউনিয়া উপজেলায় সাড়ে চার লাখ টাকা প্রদান করেছি। আমি চাই স্বচ্ছতার ভিত্তিতে এলাকার উন্নয়ন হোক।



