নেইমারের বিরুদ্ধে তরুণ সতীর্থকে মারধরের অভিযোগ, তদন্ত শুরু
নেইমারের বিরুদ্ধে তরুণ সতীর্থকে মারধরের অভিযোগ

সামনে বিশ্বকাপ। তার আগেই নেইমারের বিরুদ্ধে ক্লাবের তরুণ এক সতীর্থকে মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় তদন্তও শুরু করেছে তার ক্লাব সান্তোস। ঘটনাটি ঘটেছে রবিবারের অনুশীলন সেশনকে কেন্দ্র করে। আর সেই অভিযোগের কেন্দ্রে নেইমার ও ভুক্তভোগী তরুণ ফুটবলার রবিনিও জুনিয়র।

ঘটনার বিবরণ

ইএসপিএনকে একাধিক সূত্র জানিয়েছে, অনুশীলনের সময় ১৮ বছর বয়সী রবিনিও জুনিয়র ড্রিবল করে নেইমারকে পেরিয়ে গেলে ক্ষুব্ধ হয়ে ওঠেন অভিজ্ঞ ব্রাজিল ফরোয়ার্ড। অসম্মানিত বোধ করে নেইমার তখন প্রতিক্রিয়া দেখান। সূত্রের দাবি, ৩৪ বছর বয়সী নেইমার এতই ক্ষুব্ধ হন যে রবিনিও জুনিয়রকে পা দিয়ে ফেলে দেন। এরপর দু’জনের মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডা শুরু হলে সতীর্থরা হস্তক্ষেপ করে তাদের আলাদা করেন। ঘটনাটিতে রবিনিও জুনিয়র মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলেও জানা গেছে।

ক্লাবের বিবৃতি

ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, ‘সান্তোস ফুটবল ক্লাবের একজন খেলোয়াড়ের বিরুদ্ধে একই ক্লাবের আরেক খেলোয়াড়ের ওপর শারীরিক হামলার অভিযোগ সম্পর্কে আমরা অবগত আছি।’ ক্লাবের বিবৃতিতে আরও বলা হয়, ‘পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, রবিবার অনুশীলনের সময় নেইমার জুনিয়র ও রবসন দে সুজা জুনিয়র (রবিনিও)-কে ঘিরে ঘটে যাওয়া ঘটনার তদন্তে সঙ্গে সঙ্গেই অভ্যন্তরীণ অনুসন্ধান শুরু হয়েছে। ক্লাবের আইন বিভাগ এই তদন্ত পরিচালনা করবে।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

রবিনিও জুনিয়রের অভিযোগ

ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবোস্পোর্তে জানিয়েছে, সাবেক রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি তারকা রবিনিওর ছেলে রবিনিও জুনিয়র নেইমারের বিরুদ্ধে তিনটি অভিযোগ তুলেছেন। ক্লাবে নিরাপত্তার অভাব উল্লেখ করে তিনি চুক্তি বাতিলের বিষয়েও আলোচনার দাবি জানিয়েছেন। রবিনিও জুনিয়রের অভিযোগগুলো হচ্ছে- নেইমার তাকে অপমানজনক গালিগালাজ করেছেন, পা লাগিয়ে ফেলে দিয়েছেন এবং মুখে জোরে চড় মেরেছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরবর্তী পদক্ষেপ

সূত্র জানিয়েছে, পরিস্থিতি শান্ত করতে নেইমার রবিনিও জুনিয়রকে ফোন করেন এবং তার পরিবারের কাছেও বার্তা পাঠিয়ে দুঃখ প্রকাশ করেন। উল্লেখ্য, ব্রাজিল জাতীয় দলে একসময় রবিনিও সিনিয়রের সঙ্গে খেলেছেন নেইমার।