শারীরিক লাঞ্ছনার অভিযোগে তদন্তের মুখে নেইমার
শারীরিক লাঞ্ছনার অভিযোগে তদন্তের মুখে নেইমার

মাঠের বাইরের নতুন বিতর্কে জড়িয়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সান্তোসে সতীর্থ তরুণ খেলোয়াড় রবিনহো জুনিয়রকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন তিনি।

ঘটনাটি গত রোববার অনুশীলনের সময় ঘটে, যার পরপরই সান্তোস ক্লাব অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে। ইএসপিএন সূত্রে জানা গেছে, অনুশীলনের সময় ড্রিবল করে নেইমারকে কাটিয়ে যান রবিনহো জুনিয়র। এতে ক্ষুব্ধ হয়ে নেইমার তরুণ এই ফুটবলারের ওপর চড়াও হন।

ক্লাবের বিবৃতি ও তদন্ত

ক্লাবের এক বিবৃতিতে বলা হয়েছে, এক খেলোয়াড়ের বিরুদ্ধে আরেক খেলোয়াড়কে শারীরিকভাবে আঘাত করার অভিযোগ তারা গুরুত্বসহকারে দেখছে। ঘটনার সময় নেইমার নাকি রবিনহোকে ধাক্কা দিয়ে ফেলে দেন, এরপর দুজনের মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডা শুরু হয়। পরে সতীর্থরা এসে পরিস্থিতি সামাল দেন। এতে মানসিকভাবে ভেঙে পড়েছেন রবিনহো জুনিয়র। ক্লাব জানিয়েছে, বোর্ডের নির্দেশে নেইমার জুনিয়র ও রবিনহো জুনিয়রের মধ্যে ঘটে যাওয়া এই ঘটনার তদন্ত ক্লাবের আইন বিভাগ পরিচালনা করছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

রবিনহো জুনিয়রের অভিযোগ

গ্লোবোস্পোর্তের প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক তারকা ফরোয়ার্ড রবিনহোর ছেলে রবিনহো জুনিয়র নেইমারের বিরুদ্ধে তিনটি অভিযোগ এনেছেন—গালিগালাজ, ধাক্কা দেওয়া এবং চড় মারা। এছাড়া নিরাপত্তার ঘাটতির অভিযোগ তুলে তিনি নিজের চুক্তি বাতিলের বিষয়েও ক্লাবের সঙ্গে আলোচনা করতে চান।

নেইমারের অবস্থান

এদিকে নেইমারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলতে চান না। তবে ঘটনার পর তিনি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছেন এবং খেলোয়াড়ের পরিবারের কাছে ক্ষমাও চেয়েছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, ব্রাজিল জাতীয় দলে একসময় রবিনহোর সঙ্গে খেলেছেন নেইমার। গত মৌসুমে সান্তোসের মূল দলে জায়গা পাওয়া রবিনহো জুনিয়র চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে আটটি ম্যাচ খেলেছেন। নেইমার বর্তমানে সান্তোসে ফিরে খেলছেন এবং ক্লাবের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ