ছেলেদের ফুটবল বিশ্বকাপের ২২টি আসরে মাত্র আটটি দেশ শিরোপা জিততে পেরেছে। জার্মান অর্থনীতিবিদ জোয়াকিম ক্লেমেন্টের ভবিষ্যদ্বাণী সত্যি হলে ২০২৬ বিশ্বকাপে নতুন চ্যাম্পিয়ন দেখতে পাবে বিশ্ব। তার আলোচিত অ্যালগরিদম মডেল অনুযায়ী, ফুটবল ইতিহাসের নবম দেশ হিসেবে এবার শিরোপা জিতবে নেদারল্যান্ডস।
অব্যর্থ ভবিষ্যদ্বাণী
ক্লেমেন্টের ফর্মুলা অতীতে অব্যর্থ ছিল। গত তিন বিশ্বকাপে সঠিক চ্যাম্পিয়নের নাম বলেছিলেন তিনি। ২০১৪ সালে জার্মানি, ২০১৮ সালে ফ্রান্স এবং ২০২২ সালে আর্জেন্টিনার জয়ের পূর্বাভাস দিয়েছিলেন টুর্নামেন্ট শুরুর ১০ দিন আগে। এই সাফল্যে নেদারল্যান্ডসের কোচ রোনাল্ড কোমানের দলে উচ্ছ্বাস বিরাজ করছে।
বাজির দরে আট নম্বর
৪৮ দলের ২০২৬ বিশ্বকাপে বাজির দর অনুযায়ী নেদারল্যান্ডস অষ্টম স্থানে রয়েছে। স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনা, ব্রাজিল, ইংল্যান্ড, পর্তুগাল ও জার্মানি শক্তিতে এগিয়ে থাকলেও ক্লেমেন্টের গাণিতিক মডেল বলছে, ডাচরা শেষ হাসি হাসবে। এফ-গ্রুপে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ জাপান, সুইডেন ও তিউনেশিয়া।
কঠিন পথে শিরোপা
অ্যালগরিদম অনুযায়ী, গ্রুপসেরা হয়ে নকআউটে ওঠার পর শেষ ৩২ ও শেষ ষোলোতে সহজ জয় পাবে নেদারল্যান্ডস। এরপর শুরু হবে চমক। কোয়ার্টার ফাইনালে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স, সেমিফাইনালে লামিনে ইয়ামালের স্পেন ও ফাইনালে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালকে হারিয়ে ১৯ জুলাই নিউইয়র্কে শিরোপা উৎসব করবে ভার্জিল ফন ডাইকের দল।
টোটাল ফুটবলের জনক ডাচরা এর আগে তিনবার ফাইনালে হেরেছে। ১৯৭৪ সালে জার্মানি, ১৯৭৮ সালে আর্জেন্টিনা ও ২০১০ সালে স্পেনের কাছে হেরে তাদের হৃদয় ভেঙেছিল। এবার কি সেই অপেক্ষার অবসান হবে?



