সাফ নারী ফুটবলে বাংলাদেশের নতুন অধিনায়ক মারিয়া মান্দা
সাফ নারী ফুটবলে বাংলাদেশের নতুন অধিনায়ক মারিয়া

সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের পঞ্চম আসর শুরু হচ্ছে আজ। টুর্নামেন্ট শুরুর আগে গতকাল ভারতের গোয়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে বড় চমক দেখা গেছে। বাংলাদেশের অধিনায়ক হিসেবে আফঈদা খন্দকারের পরিবর্তে হাজির হন মিডফিল্ডার মারিয়া মান্দা। এই পরিবর্তনের পেছনে কারণ হিসেবে জানা গেছে, নেতৃত্বের চাপ নিতে পারছিলেন না আফঈদা, এবং তার পারফরম্যান্স প্রত্যাশিত মানে ছিল না। তাই দলের স্বার্থে এই গুরুদায়িত্ব দেওয়া হয়েছে গত দুটি সাফজয়ী দলের অভিজ্ঞ মারিয়াকে।

সাবিনার আক্ষেপ ও নতুন আশা

কয়েক দিন আগে দেশের নারী ফুটবলের সবচেয়ে বড় তারকা সাবিনা খাতুনকে এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন, ‘সাফ নারী ফুটবল মিস করবেন?’ উত্তরে একচিলতে হাসির আড়ালে আক্ষেপ লুকিয়ে সাবিনা বলেছিলেন, ‘মিস করার কী আছে! তবে মেয়েদের জন্য শুভকামনা থাকল। ওরা যেন হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়ে আসতে পারে।’ সাবিনার এই প্রত্যাশা দেশের কোটি ফুটবলপ্রেমীর। তবে সাবিনার মনে আক্ষেপ না থেকে পারে না। ২০২২ ও ২০২৪ সালে তাঁর নেতৃত্বেই দক্ষিণ এশিয়ায় ফুটবলে সেরা হয়েছিল বাংলাদেশ। কিন্তু এবার তিনি ছাড়াও দলে নেই মাসুরা পারভীন, কৃষ্ণা রানী সরকার বা সানজিদাদের মতো অভিজ্ঞ তারকারা। ২০২৪ সালে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার পর দলের ভেতর দ্বন্দ্ব ও অবিশ্বাসের জেরে ব্রিটিশ কোচ পিটার বাটলারের অধীনে খেলতে অস্বীকৃতি জানান সাবিনারা। দল থেকে বাদ পড়ে সেটির মূল্য দেন তাঁরা। তবে এবারের দলে গত দুবারের চ্যাম্পিয়ন দলের নিউক্লিয়াস ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মারিয়া মান্দা, তহুরা ও শামসুন্নাহাররা আছেন। তাঁদের সঙ্গে যোগ হয়েছে একঝাঁক প্রতিভাবান নতুন মুখ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নতুন অধিনায়কের লক্ষ্য হ্যাটট্রিক

নতুন অধিনায়ক মারিয়া মান্দা চোখ রাখছেন হ্যাটট্রিক শিরোপায়। সংবাদ সম্মেলনে শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জটাই বারবার সামনে এনেছেন তিনি, ‘বিগত দিনে আমরা দুবার চ্যাম্পিয়ন হয়েছি; কিন্তু সেটা এখন অতীত। এখন সবকিছু নতুন করে শুরু করতে হবে। এটা আমাদের জন্য পুরো নতুন একটা চ্যালেঞ্জ। তবে আমরা তৈরি।’ তৈরি অন্য দলগুলোরাও। আজ প্রথম দিনে বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় ভুটান-নেপাল ম্যাচ এবং রাত আটটায় ভারত-মালদ্বীপ মুখোমুখি হবে। ২৮ মে বাংলাদেশের প্রথম ম্যাচ মালদ্বীপের বিপক্ষে। পাকিস্তান না খেলায় শিরোপার দাবিদার বাংলাদেশ, ভারত ও নেপাল। গত সাত টুর্নামেন্টের ছয়বারই ফাইনালে খেলে হেরেছে নেপাল। এবার তাই নেপাল মরিয়া হয়ে খেলবে। তবে টুর্নামেন্টের প্রথম পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতের মাটিতে খেলা হওয়ায় বাংলাদেশের জন্য এবারের মিশন অনেকটাই কঠিন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রতিপক্ষের চ্যালেঞ্জ ও কোচ বাটলারের পরিকল্পনা

কোচ পিটার বাটলারও তা জানেন। তবে তিনি এশিয়ান কাপে প্রথমবার খেলার অভিজ্ঞতাটাকে কাজে লাগাতে চান, ‘ইতিহাসে প্রথমবার আমাদের মেয়েরা এশিয়ান কাপের সিনিয়র ও অনূর্ধ্ব-২০ স্তরে খেলেছে। সিনিয়র দল চীনের বিপক্ষে খুব ভালো খেলেছে। দুটি টুর্নামেন্ট থেকে আমরা ভালো শিক্ষা পেয়েছি। তবে সাফ পুরো আলাদা টুর্নামেন্ট। সামনে আমাদের বড় চ্যালেঞ্জ। আমরা সেরাটা দিয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হতে চাই।’ ৬ দলের কোচ ও অধিনায়কদের নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ভারতের কোচ ক্রিসপিন ছেত্রী শিরোপা পুনরুদ্ধারের কথাই বলেছেন ঘুরেফিরে। ছেত্রীর কথা, ‘সবাই জিততে চায়, আমরাও চ্যাম্পিয়ন হতে চাই।’ অন্যদিকে নেপালের কোচ নবীন নিউপানের কণ্ঠে ট্রফি ছোঁয়ার আকুতি, ‘গত দুটি ফাইনালে আমরা বাংলাদেশের কাছে হেরেছি। ছয়বার ফাইনালে উঠলেও আমাদের ভাগ্য সহায় হয়নি।’ লঙ্কান কোচ দীপানি সামারাসিংহে ভারত আর বাংলাদেশকে সমীহ করছেন। ভুটানের কোচ কিম তাই-ইন নিজেদের নানা সীমাবদ্ধতার মধ্যেও উন্নতি করছেন বলে জানান।