বাংলাদেশ ফুটবলের নতুন কোচ: কোলম্যান-স্টর্ক এগিয়ে
বাংলাদেশ ফুটবলের নতুন কোচ: কোলম্যান-স্টর্ক এগিয়ে

বাংলাদেশের ফুটবলে হ্যাভিয়ের কাবরেরা অধ্যায় শেষে। জাতীয় ফুটবল দলের নতুন কোচ কে হচ্ছেন? দেশের ক্রীড়াঙ্গনে এই প্রশ্নই এখন সবচেয়ে আলোচিত। বাংলাদেশ দলের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছিলেন একাধিক হাইপ্রোফাইল কোচ। তাদের মধ্যে থেকে ‘সেরা কোচ’ নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

২৩০টি আবেদন, উয়েফা প্রো-লাইসেন্সধারী ১৭০

বাফুফে সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, কোচ হতে ২৩০টি আবেদন জমা পড়েছিল। আবেদনকারীদের মধ্যে ১৭০ জনই ছিলেন উয়েফা প্রো-লাইসেন্সধারী কোচ। কয়েক ধাপের বাছাইপ্রক্রিয়া শেষে প্রাথমিক তালিকায় ১০০ জন এবং পরবর্তী সময়ে ২৩ জনকে রাখা হয়। সেখান থেকে বিচার-বিশ্লেষণ শেষে সাক্ষাৎকারের জন্য মনোনীত করা হয় মাত্র ১১ জনকে। এই ১১ জনের তালিকায় থেকেই নিয়োগ দেওয়া হবে হামজা চৌধুরীদের পরবর্তী কোচ।

ক্রিস কোলম্যান ও বার্নড স্টর্ক: শীর্ষ প্রার্থী

বাংলাদেশের নতুন কোচ হতে সবচেয়ে এগিয়ে আছেন ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যান। গ্যারেথ বেলদের মতো তারকাদের সামলানো কোলম্যান ক্লাব ফুটবলে ম্যানচেস্টার সিটির হয়ে খেলেছেন এবং কোচ হিসেবে রিয়াল সোসিয়েদাদ, সান্ডারল্যান্ড ও ফুলহামের মতো ক্লাবে কাজ করার অভিজ্ঞতা আছে তার। তার পাশাপাশি আলোচনায় আছেন জার্মান কোচ বার্নড স্টর্ক। ৬৩ বছর বয়সী এই কোচ বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে খেলেছেন এবং কোচিং স্টাফেও ছিলেন। তিনি হাঙ্গেরি ও কাজাখস্তানের জাতীয় দলের দায়িত্বেও ছিলেন। বাফুফের সংশ্লিষ্ট এক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, এই দুজনের মধ্যে একজনের সম্ভাবনাই বেশি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ক্রীড়া প্রতিমন্ত্রীর বক্তব্য

বৃহস্পতিবার (১৪ মে) ময়মনসিংহের গফরগাঁওয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখতে গিয়ে কোচ ইস্যু নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘আমার সাথে ইতিমধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়ালের কথা হয়েছে এবং তার যে টিম রয়েছে তাদের সাথেও আমরা আলোচনা করেছি। এবং সেই কোচের যে শর্টলিস্ট, সেটা সম্পর্কেও তিনি আমাকে অবগত করেছেন।’ ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমরা আশা করি, দুই-এক দিনের ভেতরেই চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেব যে, আমরা কাকে কোচ হিসেবে নিয়োগ দেব। একজন ফুটবলার হিসেবে এবং বাংলাদেশের মানুষের ফুটবল নিয়ে যে উৎসাহ-উদ্দীপনা রয়েছে, আমরা আশা করি বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং পাশাপাশি আমাদের সারা বাংলাদেশের যে দর্শকদের যে চাওয়া ও প্রত্যাশা রয়েছে, আমরা সর্বোচ্চভাবে গুরুত্ব দিয়ে যাকে সেরা মনে হবে এবং যাকে নিয়োগ দিলে আমাদের ফুটবল এগিয়ে যাওয়ার অনেক বেশি সম্ভাবনা থাকবে, সেই মানুষটিকে নিয়োগ দেব ইনশাল্লাহ।’ সেরা কোচ নিয়োগ দিতে সর্বোচ্চ সহযোগিতা করার কথা জানিয়ে আমিনুল হক বলেন, ‘আমি ইতিমধ্যে বলেছি যে বাফুফের সাথে এক হয়ে আমরা বেস্ট পসিবল কোচকে নিয়োগ দেওয়ার জন্য যা করণীয়, সব সার্বিক সহযোগিতা বাফুফের পক্ষে থাকবে ইনশাল্লাহ।’