বাংলাদেশ নারী দলের বিপক্ষে অস্ট্রেলিয়ার সহজ জয়
বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার সহজ জয়

যে লড়াইয়ের পূর্বাভাস ছিল একতরফা, মাঠেও তার ব্যতিক্রম হয়নি। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি বাংলাদেশ নারী দল। বুধবার (১৭ জুন) হেডিংলিতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৭৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে অস্ট্রেলিয়া মাত্র ১ উইকেট হারিয়ে ৯.৩ ওভারেই জয় নিশ্চিত করে।

বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়

বাংলাদেশের ইনিংসের শুরুটাও ছিল হতাশাজনক। দলীয় ১৫ রানের মধ্যেই ফিরে যান দুই ওপেনার দিলারা আক্তার ও জুরাইয়া ফেরদৌস। দিলারা ৩ বল মোকাবিলা করে রান না করেই সাজঘরে ফেরেন। আর নেদারল্যান্ডসের বিপক্ষে আগের ম্যাচে ফিফটি করে দলকে জেতানো জুরাইয়া এবার ৯ বলে ৮ রান করে আউট হন। শুরুতেই দুই ওপেনারের বিদায়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। একপর্যায়ে ২৭ রানে ৫ উইকেট পড়ে গিয়েছিল বাংলাদেশ নারী দলের।

সেখান থেকে দলের রান ৫০ পেরোয় রিতু মনি ও অধিনায়ক নিগারের ব্যাটে। ষষ্ঠ উইকেটে জুটি বেধে ৫২ বলে ৩২ রান করেন তাঁরা। ৪৭ বলে নিগার ২৭ ও রিতু ২৬ বল খেলে ১৬ রান করেন। বাংলাদেশ নারী দল অবশ্য শেষ পর্যন্ত অলআউট হয়নি। তবে নিগার ও রিতু ছাড়া কেউই ব্যক্তিগত সংগ্রহ দুই অঙ্কে নিতে পারেননি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অস্ট্রেলিয়ার জয়যাত্রা

রান তাড়া করতে নেমে বাংলাদেশকে কোনো সুযোগই দেয়নি অস্ট্রেলিয়া নারী দল। ১০ বলে ১০ রান করা বেথ মনি পঞ্চম ওভারে মারুফার বলে রিতুর হাতে ক্যাচ দেন, এটুকুই। ওপেনার জর্জিয়া ভল ৩২ বলে অপরাজিত ৪৫ ও এলিস পেরি ১৫ বলে অপরাজিত ১৯ রান করে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন।

টি–টুয়েন্টি বিশ্বকাপে ২০ জুন পাকিস্তানের বিপক্ষে পরের ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ