মেহেদি হাসান মিরাজের অফ স্পিনে পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ২৭ রানের লিড পেয়েছে বাংলাদেশ। তার ক্যারিয়ারের ৫৭ টেস্টে এটি ১২তম বার পাঁচ বা তার বেশি উইকেট শিকারের নজির।
অভিষেক থেকে ধারাবাহিকতা
২০১৬ সালের অক্টোবরে চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেট শিকার করেন মিরাজ। সিরিজের পরের ম্যাচে ঢাকায় হোম অব ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের বিপক্ষে পরপর দুই ইনিংসে ৬টি করে উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়ে আলোড়ন সৃষ্টি করেন তিনি।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ ড্র
মিরাজের বোলিং নৈপুণ্যে অ্যালিস্টার কুকের নেতৃত্বাধীন ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজ ড্র করে বাংলাদেশ। সিরিজে সর্বোচ্চ ১৯ উইকেট নিয়ে সিরিজসেরার পুরস্কার জিতেছিলেন মিরাজ।
টেস্ট পরিসংখ্যান
জাতীয় দলে অভিষেকের পর থেকে ধারাবাহিক খেলে যাচ্ছেন মিরাজ। ৫৭ টেস্টে তিনি ২১০ উইকেট শিকার করেছেন। ব্যাট হাতেও দারুণ পারফর্ম করছেন এই অলরাউন্ডার; ৫৭ টেস্টে দুই সেঞ্চুরি ও ৯টি ফিফটিতে ২ হাজার ১৭৪ রান করেছেন।
ওয়ানডে ও টি-টোয়েন্টি
ওয়ানডে ক্রিকেটে ১২০ ম্যাচে ২ সেঞ্চুরি ও ৭ ফিফটিতে ১৮২৭ রান এবং ১২৯ উইকেট নিয়েছেন মিরাজ। টি-টোয়েন্টিতে ৩৪ ম্যাচে ৪১৮ রান ও ১৮ উইকেট শিকার করেছেন। সব মিলিয়ে তিন ফরম্যাটে ৪ সেঞ্চুরি ও ১৬ ফিফটিতে ৪ হাজার ৪১৯ রান এবং ৩৫৭ উইকেট নিয়ে মিরাজ বাংলাদেশের অন্যতম সেরা অলরাউন্ডার।



