আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা ২০২৬ সালের বিশ্বকাপে অংশগ্রহণকারী ৪৮টি দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার সূচি প্রকাশ করেছে। সংস্থার ঘোষণা অনুযায়ী, আগামী ২ জুন সব দলের ২৬ সদস্যের অফিসিয়াল স্কোয়াড প্রকাশ করা হবে।
প্রাথমিক তালিকা ও চূড়ান্ত স্কোয়াড
নিয়ম অনুসারে, প্রতিটি দলকে শুরুতে ৩৫ থেকে ৫৫ জনের একটি প্রাথমিক তালিকা জমা দিতে হবে। ফিফা সেই তালিকা প্রকাশ করবে না। এরপর সেখান থেকে ২৩ থেকে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড বেছে নেওয়া হবে, যেখানে অন্তত তিনজন গোলরক্ষক রাখা বাধ্যতামূলক।
স্বেচ্ছায় আগে ঘোষণা
তবে চাইলে জাতীয় দলগুলো এর আগেই নিজেদের দল ঘোষণা করতে পারবে। যদিও ফিফার আনুষ্ঠানিক অনুমোদনের আগে সেই তালিকাকে চূড়ান্ত স্কোয়াড হিসেবে বিবেচনা করা হবে না।
বিশ্বকাপের সূচি
আগামী ১১ জুন পর্দা উঠবে বিশ্বকাপের। এবারের আসরের আয়োজক তিন দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। বিশ্বকাপ ফুটবল ২০২৬ ফিফার সর্বশেষ সূচি অনুযায়ী, টুর্নামেন্টটি হবে যৌথভাবে এই তিন দেশে।



