তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটি দায়িত্ব নেওয়ার পর তাদের তৃতীয় বোর্ডসভায় তিনটি আঞ্চলিক ক্রিকেট সংস্থার বিলুপ্তি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার (৪ মে) অনুষ্ঠিত এই সভার পর সংবাদ সম্মেলন না করলেও সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছে বিসিবি।
বিলুপ্ত কমিটি ও কার্যকর তারিখ
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম, সিলেট ও বরিশাল—এই তিন বিভাগীয় আঞ্চলিক ক্রিকেট সংস্থার পূর্ববর্তী অ্যাডহক কমিটিগুলো বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সোমবার (৪ মে) থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। এর আগে আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বিসিবি পরিচালনা পর্ষদ এই কমিটিগুলো গঠন করেছিল।
নির্বাচন প্রক্রিয়া শুরু
বিসিবি নির্বাচনের কোনো নির্দিষ্ট তারিখ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়নি। তবে নির্বাচনের প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, নির্বাচন আয়োজনের প্রথম পদক্ষেপ হিসেবে শিগগিরই একটি নোটিশ জারি করা হবে। বিসিবি সংবিধানের ১২.৭ অনুচ্ছেদ অনুযায়ী সব বিভাগ থেকে কাউন্সিলর মনোনয়ন আহ্বান করা হবে ওই নোটিশে।
ক্যাটাগরি অনুযায়ী কাউন্সিলর নির্বাচন
বিসিবি নির্বাচনে ক্যাটাগরি-১ অনুযায়ী জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলো এবং জেলা প্রশাসকেরা মনোনয়ন প্রদান করেন। ক্যাটাগরি-২ অনুযায়ী ঢাকার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগে খেলা ৭৬টি ক্লাবের প্রতিটি থেকে একজন করে কাউন্সিলর নির্বাচিত হন। আর ক্যাটাগরি-৩ এ অন্তর্ভুক্ত সাবেক ক্রিকেটার ও বিভিন্ন সংস্থা।
নির্বাচন কমিশন গঠন
জুনের দ্বিতীয় সপ্তাহে বিসিবি নির্বাচন আয়োজনের ইচ্ছা আগেই জানিয়েছিলেন সভাপতি তামিম ইকবাল। নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্যের একটি নির্বাচন কমিশন গঠনের অনুমোদন দিয়েছে বোর্ড। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অথবা জাতীয় ক্রীড়া পরিষদ থেকে একজন প্রতিনিধি এবং বিসিবি মনোনীত দুজন সদস্য নিয়ে এই কমিশন গঠিত হবে।



