জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহত শহীদ আলিফ আহমেদ সিয়ামের পিতা বুলবুল কবীরকে হুমকি ও গালাগালি করার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি হলেন জাবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম রেজা, যিনি নৃবিজ্ঞান বিভাগের ৪০তম ব্যাচের সাবেক শিক্ষার্থী।
ঘটনার বিবরণ
গত রোববার (৩ মে) বিকাল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক এলাকার মামা প্লাজায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শনিবার অভিযুক্ত ছাত্রদল নেতা কয়েকজনকে সঙ্গে নিয়ে সেখানে এসে দোকানগুলোর ভিডিও ধারণ করেন এবং নতুন দোকান বসানোর বিষয়ে দোকানদারদের সঙ্গে কথা বলেন। পরদিন বিকালে তিনি পুনরায় ঘটনাস্থলে আসেন। এ সময় তার সঙ্গে থাকা এক শিক্ষার্থী তাকে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় করিয়ে দেন।
পরে তিনি শহীদ আলিফ আহমেদ সিয়ামের পিতা বুলবুল কবীরকে ডেকে বিভিন্ন বিষয়ে কথা বলতে গিয়ে উত্তেজিত হয়ে পড়েন এবং তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। অভিযুক্ত নেতা মারমুখী আচরণ করেন এবং উপস্থিত অন্য দোকানদারদের সঙ্গেও খারাপ ব্যবহার করেন।
শহীদের পিতার বক্তব্য
শহীদ সিয়ামের পিতা বুলবুল কবীর বলেন, 'শনিবার এসে ভিডিও করে গেছেন। তাকে এখানে এক দোকানদার এনেছিলেন। আমি সেই দোকানদারকে বলেছি, এখানে এখন জায়গা ফাঁকা নেই। পরের দিন আবার সেই শিক্ষার্থী আসেন। তার পাশে থাকা একজন শিক্ষার্থী বলেন, তিনি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক। পরে আমাকে ডেকে তিনি গালিগালাজ করেন। তিনি বলেন- কী বালের সভাপতি হয়েছো তুমি। তুমি শহীদের বাবা তাই কী...হয়েছে। আমরা কি যুদ্ধ করি নাই? তুমি শহীদের বাবা তাই আমার ... ছেঁড়া গেছে। পরে জানতে পারি, ওই শিক্ষার্থীর নাম সেলিম রেজা।'
অভিযুক্ত নেতার প্রতিক্রিয়া
অভিযুক্ত জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা মোবাইল ফোনে বলেন, 'আমি গালাগালি করেছি, এটা সত্য। উনারা একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সঙ্গে খারাপ আচরণ করলে কি গালাগালি করব না?'
ছাত্রদল নেতৃত্বের অবস্থান
জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, 'জুলাই গণঅভ্যুত্থানে একজন শহীদের পরিবারের সঙ্গে এ ঘটনা ঘটেছে। এটিকে আমরা স্পর্শকাতর ঘটনা হিসেবে নিচ্ছি। আমরা কেন্দ্রীয় সংসদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করে ব্যবস্থা নেব।'



