শ্রীলঙ্কা পুরুষ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের দুই সদস্যকে জামিন দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে হোটেলে নারী অতিথিদের গোসল করার সময় ভিডিও ধারণের অভিযোগ আনা হয়েছে। শুক্রবার বোর্ডের এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।
ঘটনার বিবরণ
বুধবার রাজধানী কলম্বোর একটি হোটেলে এই ঘটনা ঘটে। সেখানে দলটি একটি স্থানীয় টুর্নামেন্টের আগে অনুশীলন সেশনের জন্য অবস্থান করছিল। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং আদালতের কার্যক্রম চলমান রয়েছে।
বোর্ডের পদক্ষেপ
শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) নিজস্ব তদন্ত শুরু করেছে। বোর্ডের এক কর্মকর্তা এএফপিকে বলেন, 'পুলিশ তদন্ত এবং আদালতের কার্যক্রম চলাকালীন আমরা বিষয়টি খতিয়ে দেখছি।'
আদালতের নির্দেশ
দুই খেলোয়াড়ের নাম এখনও প্রকাশ করা হয়নি। তারা বৃহস্পতিবার ম্যাজিস্ট্রেটের সামনে হাজির হন এবং জামিনে মুক্তি পান। আদালত তাদের মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানোর নির্দেশ দিয়েছে। এতে দেখা হবে ভিডিওগুলোর কোনোটি সামাজিক মাধ্যমে আপলোড করা হয়েছে কি না।



