প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে ‘ইংলিশ মিডিয়াম স্কুল অ্যাডমিশন ফেয়ার ২০২৬’। ব্রিটিশ কাউন্সিল ও প্রথম আলো ডটকমের যৌথ উদ্যোগে আয়োজিত এই ফেয়ারটি অভিভাবকদের সন্তানের জন্য সঠিক শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচনে সহায়তা করবে।
ফেয়ারের বিবরণ
‘সঠিক সিদ্ধান্ত, সুন্দর ভবিষ্যত’ স্লোগানে ২৬ এপ্রিল থেকে অনলাইনে শুরু হওয়া ফেয়ারটি চলবে ৫ মে ২০২৬ পর্যন্ত। ১০ দিনের অনলাইন আয়োজনের পাশাপাশি শনিবার (২ মে) রাজধানীর গুলশান শুটিং ক্লাবে দিনব্যাপী অফলাইন ফেয়ার অনুষ্ঠিত হবে।
অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠান
অফলাইন ফেয়ারে ব্রিটিশ কাউন্সিলের পার্টনার স্কুলগুলো অংশ নিচ্ছে। এর মধ্যে রয়েছে ফ্রোবেল প্লে স্কুল, ফ্রোবেল একাডেমি, ইনসাইট ইন্টারন্যাশনাল স্কুল, গাইডেন্স ইন্টারন্যাশনাল স্কুল, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, নিউ হরাইজন কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল, উইটন ইন্টারন্যাশনাল স্কুল, বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল এবং হেইলিবেরি ভালুকা প্রভৃতি।
অফলাইন ফেয়ারের কার্যক্রম
ফেয়ারে অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলে প্লে-গ্রুপ থেকে শুরু করে প্রাইমারি এবং ও/এ লেভেল পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ভর্তিবিষয়ক তথ্য ও পরামর্শ জানতে পারবেন অভিভাবক ও দর্শনার্থীরা। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ফেয়ারে প্রবেশ সবার জন্য উম্মুক্ত।
এক ছাদের নিচে থাকছে ব্রিটিশ কাউন্সিলের পার্টনার ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর স্টল। সংশ্লিষ্ট স্কুল প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলে কারিকুলাম, সুযোগ–সুবিধাসহ ভর্তিবিষয়ক সব প্রয়োজনীয় তথ্য জানা যাবে। শিশুদের জন্য ‘গেমিং জোনে’ দিনব্যাপী থাকবে নানা বিনোদনমূলক ও ইন্টারঅ্যাকটিভ কার্যক্রম।
বিকেলে অনুষ্ঠিত হবে বিশেষ প্রশ্নোত্তর সেশন, যেখানে অভিভাবক ও দর্শনার্থীদের প্রশ্নের উত্তর দেবেন আয়োজক ও বিশেষজ্ঞরা। এছাড়াও রয়েছে র্যাফল ড্র এবং আকর্ষণীয় পুরস্কার। অনলাইনে রেজিস্ট্রেশনের পাশাপাশি ভেন্যুতেও সরাসরি রেজিস্ট্রেশনের সুযোগ রয়েছে। ফেয়ার শেষে সন্ধ্যায় র্যাফল ড্রতে বিজয়ী তিন জনের জন্য ব্রাদার্স ফার্নিচারের সৌজন্যে পুরস্কার দেওয়া হবে।
আয়োজনের লক্ষ্য
আয়োজক সূত্রে জানা গেছে, বর্তমান প্রতিযোগিতামূলক শিক্ষাব্যবস্থায় সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করতে সচেতন ও তথ্যভিত্তিক সিদ্ধান্ত প্রয়োজন। এই ফেয়ারের লক্ষ্য অভিভাবক ও শিক্ষার্থীদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে তারা দেশের সেরা ইংলিশ মিডিয়াম স্কুল সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য জানতে পারবেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।
বিস্তারিত জানা যাবে সংশ্লিষ্ট ওয়েবসাইটে।



