ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়েদুল ইসলাম বলেছেন, 'যা পেয়েছি, আমি তা চাই না, যা চেয়েছি, কেন তা পাই না'—এ জাতীয় কোনো আক্ষেপ শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির নবীনদের মধ্যে নেই বলে তাঁর দৃঢ় বিশ্বাস। গত রোববার শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির উইন্টার, সামার, স্প্রিং ও ফল সেমিস্টার ২০২৫ ও ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।
ক্যারিয়ারবান্ধব শিক্ষার প্রশংসা
শান্ত-মারিয়ামের ক্যারিয়ারবান্ধব ও কর্মমুখী বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরির প্রয়াসকে অভিনন্দন জানিয়ে উপাচার্য বলেন, প্রতিষ্ঠানটি গবেষণা ও নৈতিক শিক্ষায় দক্ষ ও মানবিক মানুষ তৈরির ক্ষেত্রে এগিয়ে যাবে বলে তিনি আশাবাদী। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, প্রতিযোগিতামূলক কোনো ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ না করেও সাধারণ সিজিপিএ নিয়ে বিশেষায়িত উচ্চশিক্ষার এই সুবর্ণ সুযোগ কাজে লাগানো উচিত।
অনুষ্ঠানের আয়োজন
শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক মো. শাহ-ই-আলমের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক, শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের চেয়ারম্যান এবং বোর্ড অব ট্রাস্টিজের সদস্য আহসানুল কবির, ডেজিগনেটেড ট্রেজারার অধ্যাপক মুহাম্মাদ আবদুল হালীম শেখ, বিভিন্ন বিভাগের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-কর্মকর্তা এবং বিভিন্ন সেমিস্টারের ছাত্রছাত্রী ও অভিভাবক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সূচনা ও অন্যান্য পর্ব
পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের তথ্যচিত্র প্রদর্শন এবং বোর্ড অব ট্রাস্টিজ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরিচয়পর্ব শেষে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য দেন যথাক্রমে রেজিস্ট্রার পাড় মশিয়ূর রহমান এবং ফ্যাকাল্টি অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন, বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক সৈয়দ আজিজুল হক। অনুষ্ঠানে শান্ত-মারিয়াম হোংহে কনফুশিয়াস ক্লাসরুমের চীনা ও বাংলাদেশি পরিচালক—যথাক্রমে মিসেস ওয়াং লিকুইং ও প্রফেসর মো. মহিউদ্দিন তাহের উপস্থিত ছিলেন।
সাংস্কৃতিক পরিবেশনা ও সমাপ্তি
আয়োজনের বিভিন্ন পর্বে বর্ণিল ফ্যাশন শো, মনোমুগ্ধকর সংগীত পরিবেশনা এবং নৃত্যের তাল-লয়ে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। এতে বিশ্ববিদ্যালয়ের এফডিটি ও সংগীত বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সবশেষে বর্ণাঢ্য র্যাফল ড্র পর্ব ও ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে প্রায় দিনব্যাপী এই অনুষ্ঠান সমাপ্ত হয়।



