ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন বিরাট কোহলি। সোমবার (২৭ এপ্রিল) দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ১৫ বলে ২৩ রানের ইনিংস খেলেন কোহলি। এই ইনিংস খেলার পথে আইপিএলের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ৯ হাজার রানের মালিক হন কোহলি।
কোহলির আইপিএল ক্যারিয়ার
২০০৮ সাল থেকে শুরু হওয়া আইপিএলের প্রথম আসর থেকেই ব্যাঙ্গালুরুর হয়ে খেলছেন কোহলি। এখন পর্যন্ত ব্যাঙ্গালুরুর হয়ে ২৭৫ ম্যাচের ২৬৭ ইনিংসে ৮ সেঞ্চুরি ও ৬৬ ফিফটিতে ৯০১২ রান করেছেন তিনি। কোহলির সর্বোচ্চ রানের ইনিংস অপরাজিত ১১৩।
আইপিএলের শীর্ষ রান সংগ্রাহক
আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রান রোহিত শর্মার। ২৭১ ইনিংসে ২ সেঞ্চুরি ও ৪৮ ফিফটিতে ৭১৮৩ রান করেছেন রোহিত। ২২১ ইনিংসে ৬৭৬৯ রান নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছেন ভারতের শিখর ধাওয়ান। এরপর আছেন অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার ডেভিড ওয়ার্নার। ১৮৪ ইনিংসে ৬৫৬৫ রান করেছেন তিনি।
ম্যাচের বর্ণনা
৯ হাজার রানের ক্লাবে জায়গা করে নেওয়ার দিন কোহলির ব্যাঙ্গালুরু ৯ উইকেটে হারিয়েছে দিল্লিকে। প্রথমে ব্যাট করে দুই পেসার ভুবেনশ্বর কুমার ও জশ হ্যাজেলউডের বিধ্বংসী বোলিংয়ে ৮ রানে ৬ উইকেট হারায় দিল্লি। শেষ পর্যন্ত ১৬.৩ ওভারে ৭৫ রানে অলআউ হয় তারা। জবাবে ৮১ বল বাকী রেখে ম্যাচ জিতে নেয় ব্যাঙ্গালুরু।



