নেইমার ফিরলেন, ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা
নেইমার ফিরলেন, ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা

অবশেষে ফুটবলপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটলো। ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এবারের দল ঘোষণার সবচেয়ে বড় চমক পোস্টার বয় নেইমার জুনিয়রের প্রত্যাবর্তন।

দল ঘোষণার অনুষ্ঠান

সোমবার (১৮ মে) দিবাগত রাতে ব্রাজিলের রিও ডি জেনিরোর মিউজিয়াম অব টুমরোতে বিশ্বকাপের দল ঘোষণা করেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। সেখানে নেইমারের নামটি যখন উচ্চারিত হয়, উল্লাস আর করতালিতে ফেটে পড়ে পুরো মিলনায়তন। বিশ্বকাপ দলে ছেলেকে দেখে নেইমারের বাবা বলেছেন, ‘আজ খুশির একটি দিন’।

নেইমারের শঙ্কা ও প্রত্যাবর্তন

মূলত ফিটনেসজনিত কারণে নেইমারের বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়ে দেখা দিয়েছিল শঙ্কা। তবে শেষ পর্যন্ত ঠিকই ২৬ সদস্যের চূড়ান্ত দলে জায়গা করে নিয়েছেন তিনি। কার্লো আনচেলত্তি ব্রাজিলের কোচ হওয়ার পর প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন নেইমার।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নেইমারের বাবার আবেগঘন পোস্ট

নেইমারের বাবা সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছেন, ‘মন্তেভিদিওতে সেই চোটের পর থেকে যে যন্ত্রণা আর সংশয় আমাদের তাড়া করে বেড়িয়েছে, তা নিয়ে চাইলে আমি অনেক কিছুই লিখতে পারতাম, বাবা। এই পুরো প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার সময় মুখ বুজে আমাদের যেসব মন্তব্য শুনতে বা পড়তে হয়েছে, সেগুলোও মনে করিয়ে দিতে পারতাম। কিন্তু আজ আনন্দের দিন...। এই মুহূর্তে শুধু সেসব শিশুর হাসিমুখই আমার চোখে ভাসছে, যারা যেখানেই তোমাকে দেখেছে, তোমার নাম ধরে চিৎকার করেছে।’

তিনি আরও লিখেছেন, ‘আমরা জানি, এই মুহূর্তটির জন্য তুমি কতটা উন্মুখ ছিলে, কতটা কঠোর পরিশ্রম করেছ। সব কষ্ট, সন্দেহ ও নীরবতা পেরিয়ে ঈশ্বর এত দূর আমাদের সাহায্য করেছেন। অভিনন্দন, বাবা! আরেকটি বিশ্বকাপে আমি তোমার পাশেই থাকবো!’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ