কয়েকদিন আগে লন্ডন থেকে ঢাকায় এসেছেন দেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। ঘরোয়া প্রতিযোগিতায় অপ্রতিদ্বন্দ্বী লন্ডন প্রবাসী এই অ্যাথলেট। ১০০ মিটার স্প্রিন্ট মানে তারই রাজত্ব। এবারও ইমরানুরের লক্ষ্য শ্রেষ্ঠত্ব ধরে রাখা।
৪৯ তম জাতীয় অ্যাথলেটিকস শুরু রবিবার
আগামীকাল রবিবার (১৭ মে) থেকে শুরু হবে ৪৯ তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতা। তিন দিনব্যাপী এই প্রতিযোগিতায় অংশ নেবেন ইমরানুর। আজ (শনিবার) ইমরানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, “আমি ফিট আছি। আপাতত কোনও চোট নেই। নৌবাহিনীর হয়ে ১০০ মিটার স্প্রিন্টে আবারও প্রথম হতে চাই। আশা করছি তা করে দেখাতে পারবো।”
প্রতিযোগিতার ইভেন্ট ও স্থান
আগামীকাল থেকে শুরু হওয়া জাতীয় অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের খেলায় পুরুষ ও নারী দুই বিভাগে ৪০ ইভেন্টের খেলা অনুষ্ঠিত হবে। যার মধ্যে পুরুষদের ২২টি ও মেয়েদের ১৮টি ইভেন্ট রয়েছে। অ্যাথলেটিকসের প্রথম দিনেই আকর্ষণীয় ১০০ মিটার স্প্রিন্ট অনুষ্ঠিত হবে। ম্যারাথন হবে পূর্বাচলের ৩০০ ফিটে।
জাতীয় স্টেডিয়ামের মাঠে সংস্কার কাজ চলায় সব থ্রো ইভেন্ট হবে আর্মি স্টেডিয়ামে। স্বর্ণ, রুপা ও ব্রোঞ্জ জয়ীরা যথাক্রমে পাঁচ, তিন ও দুই হাজার করে টাকা পাবে। এছাড়া রেকর্ডধারী অ্যাথলেটরা পাবেন ২০ হাজার টাকা করে।



