সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতিবারের মতো এবারও চট্টগ্রামের শতাধিক গ্রামে আগামীকাল বুধবার (২৭ মে) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। সাতকানিয়ার মির্জাখীল দরবার শরিফ এবং চন্দনাইশের জাঁহাগীরি শাহ সুফি মমতাজিয়া দরবার শরিফের অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপন করেন।
ঈদের জামাতের সময়সূচি
ঈদুল আজহা উপলক্ষে বুধবার সকাল সাড়ে ৯টায় সাতকানিয়া মির্জাখীল দরবার শরিফের খানকাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন ড. মৌলানা মুহাম্মদ মকছুদুর রহমান।
দায়িত্বশীলের বক্তব্য
ঈদুল আজহা উদযাপনের বিষয়ে মির্জাখীল দরবার শরিফের দায়িত্বশীল মোহাম্মদ মছউদুর রহমান বলেন, আমরা হানাফী মাজহাবের বিশুদ্ধ অনুসারী হিসেবে বিগত দুইশত বছরের বেশি সময় ধরে পবিত্র হজ দিবসের পরের দিনই ঈদুল আজহা পালন করে আসছি। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে চাঁদের নিখুঁত অবস্থান এবং হজের খবর সরাসরি নিশ্চিত হয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়। এবারও আরাফাতের ময়দানে মসজিদে নামিরা থেকে মসজিদে নববীর প্রধান ইমাম ও খতিব শায়খ ড. আলী বিন আবদুর রহমান আল- হুযাইফি কর্তৃক প্রদত্ত হজের খুতবা ও হজ পালনের দৃশ্য সরাসরি প্রত্যক্ষ করার পর, দেশ-বিদেশে সিলসিলায়ে আলীয়া জাঁহাগীরিয়া ও মির্জাখীল দরবার শরিফের অনুসারীগণ বুধবার ঈদের নামাজ আদায় করবেন। এরপর মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি সম্পন্ন করা হবে, ইনশাআল্লাহ।
উদযাপনকারী এলাকা
মির্জাখীল দরবার শরিফের তথ্যমতে, চন্দনাইশ পৌরসভার বুলার তালুক, হরিনার পাড়া, ফকির পাড়া, সর্বল কাজী বাড়ি, চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর, হারলা, বাইনজুরি, কানাইমাদারি, সাতবাড়িয়া, বরকল, ধোপাছড়ি, দোহাজারী, জামিজুরি, পশ্চিম এলাহাবাদ, উত্তর কাঞ্চননগর, জুনিঘোনা, আব্বাসপাড়া, মাঝের পাড়া, দিঘির পাড়া, কুন্দুপাড়া, কেশুয়া, মোহাম্মদপুর, উত্তর হাশিমপুর, ছৈয়দাবাদ, খুনিয়ার পাড়া, শ্রীমাই, রূপকানিয়া, জলদী, গুনাগরি, কালিপুর, গন্ডামারার, মিরিঞ্জিরতলা, ছনুয়া, সাধনপুর, তৈলারদ্বীপ, বাথুয়া, বারখাইন, চরণদ্বীপ, খরনদ্বীপ, বড় হাতিয়া, চুনতি, পুটিবিলা, উত্তর সুখছড়ি, বাংলাবাজার, মইশামুড়া, খোয়াছপাড়া, বাজালিয়া, কাঞ্চনা, গাটিয়াডাঙ্গা, পুরানগড়, মনেয়াবাদসহ শতাধিক গ্রামের তাদের অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে বুধবার পবিত্র ঈদুল আজহা উদযাপন করবেন।
অন্যান্য এলাকা
এ ছাড়া এ অঞ্চলে বান্দরবানের লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি; কক্সবাজারের চকরিয়া, টেকনাফ, মহেশখালী ও কুতুবদিয়ার কয়েকটি গ্রামে মির্জাখীল দরবার শরিফের অনুসারীরা বুধবার ঈদুল আজহা উদযাপন করবেন।



