এক দশক পর মেট গালায় বিয়ন্সের রাজকীয় প্রত্যাবর্তন
এক দশক পর মেট গালায় বিয়ন্সের রাজকীয় প্রত্যাবর্তন

এক দশক পর মেট গালায় লালগালিচায় আগমন, তার ওপর কো-চেয়ার। বিয়ন্সের প্রত্যাবর্তনটা হওয়া উচিত ছিল রানির মতো। দীর্ঘদিনের বন্ধু এবং ডিজাইনার অলিভিয়ে রোস্তাঁ সেটা ভালোভাবেই বুঝতে পেরেছিলেন। তিনি বিয়ন্সের জন্য তৈরি করেছেন কঙ্কালসদৃশ এক গাউন। দূর থেকে দেখে মনে হবে, বিয়ন্সে যেন কঙ্কালদের রানি। পাঁজর থেকে শুরু করে মেরুদণ্ড, কোমরের হাড়ের নিখুঁত কারুকাজ করা হয়েছে হীরা ও ক্রিস্টালের সংমিশ্রণে।

গাউনের নকশা ও বিবরণ

গাউনের সঙ্গে ছিল বিশাল ধূসর ট্রেইন। প্রায় ১০ ফুট লম্বা ট্রেইনটি পুরোটাই তৈরি করা হয়েছে অম্ব্রে ফেদার কেপ দিয়ে। এই ট্রেইন সামলাতে বিয়ন্সেকে সাহায্য করেছেন পাঁচজন সহকারী। প্রথম দেখায় মনে হতে পারে, ৪৪ বছর বয়সী বিয়ন্সে শুধু কঙ্কালের গাউনটিই পরে আছেন; তা কিন্তু নয়, পুরো পোশাক তৈরি করা হয়েছে একটি ন্যুড গাউনের ওপর। ন্যুড গাউনকে যেন নতুন করে ট্রেন্ডে আনলেন বিয়ন্সে।

গয়না ও মুকুট

তবে তাঁর লুককে আরও আকর্ষণীয় করেছে ফ্রেঞ্চ লাক্সারি ব্র্যান্ড শোপা-র তৈরি জুয়েলারি আর হীরার মুকুট। মুকুটটি কে তৈরি করেছেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। কিন্তু সেখানে হীরার কাজ করা হয়েছে শোপা থেকে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চুলের স্টাইল

পোশাকের সঙ্গে মিল রেখে চুলের স্টাইলেও পরিবর্তন এনেছেন বিয়ন্সে। নিজের সিগনেচার স্টাইল পরিবর্তন করে বেছে নিয়েছিলেন লম্বা ক্রিম্পড ওয়েভ হেয়ারস্টাইল। পোশাকের সঙ্গে সেটাই বেশ মানিয়েছে।

পরিবারের উপস্থিতি

মেট গালায় বিয়ন্সে এসেছিলেন স্বামী জে-জি ও বড় মেয়ে ব্লু আইভিকে নিয়ে। অপ্রাপ্তবয়স্কদের জন্য মেট গালায় প্রবেশের অনুমতি না মিললেও ১৪ বছর বয়সী ব্লু আইভির জন্য ছাড় দিয়েছেন অ্যানা উইনটোর। এটিই ছিল ব্লু আইভির প্রথম মেট গালা।

আয়োজনের সমাপ্তি

এবারের আসরের শো-স্টপার ছিলেন বিয়ন্সে। তাঁকে দিয়েই জমকালো আয়োজনের পর্দা নেমেছে এবার। বালমাইনের সাবেক প্রধান ডিজাইনার অলিভিয়ে রোস্তাঁ তাঁকে সাজিয়েছেন ঠিক সেভাবেই।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ