ঘরেই রান্না করুন আরবের জনপ্রিয় খাবার খাবসা
ঘরেই রান্না করুন আরবের জনপ্রিয় খাবার খাবসা

আরব দেশগুলোর জনপ্রিয় খাবার খাবসা এখন ঘরেই রান্না করতে পারবেন। এটি অনেকটা বিরিয়ানির মতো হলেও স্বাদে ভিন্ন। মধ্যপ্রাচ্যে উট, দুম্বা বা খাসির মাংস দিয়ে খাবসা তৈরি হয়। আমাদের দেশেও এই মাংস সহজলভ্য। ঈদে পরিবারের জন্য তৈরি করতে পারেন উটের মাংসের খাবসা।

উপকরণ

  • উটের মাংস ৩ কেজি
  • বাসমতি চাল ১ কেজি
  • গাজর আধা কাপ
  • পেঁয়াজ কুচি বড় এক কাপ
  • টমেটো কাটা ২টি
  • টমেটো পেস্ট ১ কাপ
  • আদা ও রসুন বাটা ২ টেবিল চামচ করে
  • ধনিয়া গুঁড়া ২ টেবিল চামচ
  • ভাজা জিরা ২ টেবিল চামচ
  • গোলমরিচ গুঁড়া আধা চা চামচ
  • দারুচিনি দুটি
  • স্টার মসলা দুটি
  • গোলমরিচ ১০-১২টি
  • লবঙ্গ ও এলাচ ১০-১২টি করে
  • কাজুবাদাম ও কিসমিস ২ টেবিল চামচ
  • তেজপাতা দুটি
  • লেবুর খোসার সবুজ অংশ (লেমন জেস্ট) আধা চা চামচ
  • লবণ স্বাদমতো
  • মাখন/ঘি ৩ টেবিল চামচ

প্রস্তুত প্রণালি

প্রথমে চাল ধুয়ে পানি ঝরতে রাখুন। একটি বড় হাঁড়িতে ২ টেবিল চামচ মাখন/ঘি দিয়ে পেঁয়াজ কুচি, দারুচিনি, স্টার মসলা, লেমন জেস্ট, গোলমরিচ, লবঙ্গ, এলাচ, তেজপাতা, টমেটো কুচি ও পেস্ট এবং স্বাদমতো লবণ দিয়ে হালকা লাল করে ভেজে নিন। আধা কাপ পানি দিন, যেন মসলা লেগে না যায়। মসলার কাঁচাভাব গেলে মাংসের টুকরা দিয়ে ২ মিনিট রান্না করুন। ৩ কাপ পানি মিশিয়ে ১০ মিনিট রান্না করুন। ১০ মিনিট পর মাংসগুলো উঠিয়ে রাখুন।

এবার ধুয়ে রাখা বাসমতি চাল একই হাঁড়িতে দিন। চালের দ্বিগুণ পানি দিয়ে অল্প আঁচে ২০ মিনিট দমে রান্না করে চুলা বন্ধ করুন। একটি প্যানে বাকি ১ চা চামচ মাখন/ঘি দিয়ে কাজুবাদাম, কিসমিস ও গাজর ভেজে তুলে রাখুন। ওই প্যানে সামান্য ঘি/মাখন দিয়ে উঠিয়ে রাখা মাংস দুপাশ লাল করে ভেজে নিন। ভালোভাবে রান্না হওয়া পর্যন্ত ভাজুন, তবে বেশি ভাজবেন না।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরিবেশনের জন্য বড় ট্রে বা রাইস ট্রেতে রান্না করা ভাত দিন, মাঝখানে মাংস সাজান, পাশে বাদাম, কিসমিস ও গাজর ছড়িয়ে দিন। গরম গরম পরিবারের সঙ্গে উপভোগ করুন আরবের জনপ্রিয় খাবার খাবসা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ