পেশাদার ই-মেইল লেখার ৭টি সোনালি নিয়ম
স্রেফ ভালো ই-মেইল লিখতে না জানার কারণে অনেক সুযোগ আপনার হাতছাড়া হয়ে যেতে পারে। ই-মেইল পাঠানোর আগে নিজেকে প্রশ্ন করুন, যা লিখছেন, তা সত্যিকার অর্থে গুরুত্বপূর্ণ কি না, বানান ও ব্যাকরণ কি সঠিক? প্রাপক কি ই-মেইলটি পড়েই বুঝতে পারবেন, কী বলা হচ্ছে? এই সব বিষয় নিশ্চিত করতে ডিজিটাল যোগাযোগের কিছু অপরিহার্য আদবকেতা মেনে চলা জরুরি।
ই-মেইল পাঠানোর ‘গোল্ডেন রুলস’
একটি কার্যকর ও পেশাদার ই-মেইল লেখার জন্য কিছু বিষয় মাথায় রাখতে হবে।
- পেশাদার ই-মেইল অ্যাড্রেস ব্যবহার: আপনার ব্যক্তিগত ই-মেইল আইডি যদি koolboy05 বা noonecares601 টাইপের হয়, তবে তা আজই পরিবর্তন করুন। শিক্ষকদের সঙ্গে যোগাযোগে সব সময় বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ই-মেইল আইডি ব্যবহার করা উচিত। পেশাদার কাজের ক্ষেত্রেও অফিসের ই-মেইল আইডি থাকলে সেটাই কাজে লাগানো উচিত। আপনার ব্যক্তিগত ই-মেইল আইডির নামও যথেষ্ট পেশাদার মনোভাব রেখেই ঠিক করুন। অদ্ভুত নামের ই-মেইল থেকে বার্তা পাঠালে শুরুতেই আপনার ব্যাপারে নেতিবাচক ধারণা তৈরি হতে পারে।
- জুতসই সাবজেক্ট লাইন: ধরে নিন, আপনি যাঁকে ই-মেইল পাঠাচ্ছেন, তাঁর ইনবক্সে প্রতিদিন শত শত ই-মেইল জমা হয়। তাই Hey বা URGENT না লিখে সরাসরি বিষয়টি উল্লেখ করুন। যেমন: SOC 101 Paper Assignment। এতে প্রাপক একপলকেই বুঝতে পারবেন, ই-মেইলটি কেন পাঠানো হয়েছে।
- সঠিক সম্বোধন: কাউকে ই-মেইল করার সময় সরাসরি নাম ধরে সম্বোধন করবেন না। সব সময় Professor, Dr., Ms., বা Mr. ব্যবহার করুন। যদি নিশ্চিত না হন যে আপনার শিক্ষক পিএইচডিধারী কি না, তবে Professor বা Sir সম্বোধন করা সবচেয়ে নিরাপদ।
- পরিচয় স্পষ্টভাবে তুলে ধরা: আপনার পরিচয় স্পষ্টভাবে তুলে ধরুন। ধরা যাক, আপনি কোনো শিক্ষককে ই-মেইল করছেন। শিক্ষক যদি আপনাকে খুব ভালো করে না চেনেন, তবে শুরুতেই নিজের নাম, আইডি নম্বর এবং আপনি কোন কোর্সের শিক্ষার্থী, তা উল্লেখ করুন। এটি প্রাপকের জন্য আপনার তথ্য খুঁজে বের করা সহজ করে দেয়।
- দাবি নয়, অনুরোধ করুন: আমার গ্রেড চেক করুন—এমন বাক্য অনেকটা আদেশের মতো হয়ে যায়। এর পরিবর্তে, ‘দয়া করে কি আমার গ্রেড একটু পুনরায় দেখবেন?’ এমন বিনীত বাক্য ব্যবহার করুন। ইমোজি, টেক্সট সংক্ষেপ (Plz, U) বা অতিরিক্ত বিস্ময়বোধক চিহ্ন পরিহার করুন। এমন কোনো প্রশ্ন করবেন না, যার উত্তর এরই মধ্যে ক্লাসের সিলেবাসে দেওয়া আছে।
- ফরমাল ক্লোজিং: ই-মেইলের শেষে Sincerely, Respectfully, বা Thank you লিখে নিজের পূর্ণ নাম যুক্ত করুন।
ই-মেইল কার্যকর করার বিশেষ কৌশল
ই-মেইল কেবল লিখলেই হয় না, তা যেন পড়ার যোগ্য হয়, সেদিকেও নজর দিতে হয়। কিছু কৌশল আপনার ই-মেইলকে আরও শক্তিশালী করতে পারে।
- মূল কথা শুরুতে রাখা: সংবাদপত্রের স্টাইল অনুসরণ করে সবচেয়ে জরুরি তথ্যটি প্রথম প্যারাগ্রাফেই দিয়ে দিন। যাতে পাঠক পুরো ই-মেইল না পড়লেও আপনার মূল উদ্দেশ্যটি বুঝে ফেলেন।
- সংক্ষিপ্ত ও স্পষ্ট হওয়া: অহেতুক দীর্ঘ বাক্য বা বাহুল্য বর্জন করুন। Basically, Actually, Kind of—এই জাতীয় শব্দগুলো এড়িয়ে চলুন, যা বার্তার ওজন কমিয়ে দেয়।
- পঠনযোগ্যতা বাড়ানো: বড় বড় প্যারাগ্রাফের বদলে এক বা দুই লাইনের ছোট ছোট প্যারাগ্রাফ করুন। জটিল তথ্য দেওয়ার ক্ষেত্রে বুলেট পয়েন্ট বা হেডিং ব্যবহার করুন।
- ধৈর্য ধারণ করা: ই-মেইল পাঠিয়েই উত্তরের জন্য অস্থির হবেন না। সাধারণত ২৪ থেকে ৪৮ ঘণ্টা সময় দেওয়া ভালো। দেড় ঘণ্টার মাথায় উত্তর না পেয়ে আবার ই-মেইল করা অভদ্রতা। যদি ৪৮ ঘণ্টার মধ্যেও উত্তর না পান, তবে বিনীতভাবে একটি ফলোআপ ই-মেইল করতে পারেন।
- স্থায়িত্বের কথা ভাবুন: মনে রাখবেন, মুখে বলা কথা হারিয়ে যায়, কিন্তু ই-মেইল থেকে যায়। আপনার লেখা ই-মেইলটি যে কেউ অন্য কাউকে ফরোয়ার্ড করতে পারেন, তাই শব্দচয়নের ক্ষেত্রে সব সময় সতর্ক থাকুন।
এআই নিয়ে সাবধানতা
অনেকেই এখন এআই দিয়ে ই-মেইল লেখেন বা উত্তর দেন। এ ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন। অনেক সময় এআই অপ্রাসঙ্গিক বিষয় লিখে ফেলে, এতে ই-মেইলের যোগাযোগের স্বাভাবিক ভাব নষ্ট হয়ে যায়। এআই দিয়ে আপনি ই-মেইল লেখার পরে তা অবশ্যই পড়বেন, ভুল আছে কি না, দেখবেন। এআই দিয়ে ই-মেইল লিখলেও নিজস্ব স্টাইল ধরে রাখার চেষ্টা করুন সব সময়।
সূত্র: হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অব সাউদার্ন মিসিসিপি



