রাতারগুলকে বাস্তুসংকটাপন্ন এলাকা ঘোষণার দাবি পরিবেশবাদীদের
রাতারগুলকে বাস্তুসংকটাপন্ন এলাকা ঘোষণার দাবি

সিলেটের গোয়াইনঘাট উপজেলার মিঠাপানির জলাবন রাতারগুলকে বাস্তুসংকটাপন্ন বা প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণার দাবি জানিয়েছেন পরিবেশবাদীরা। তাঁরা বলছেন, ৫০৪ একরের রাতারগুল বন রক্ষায় দ্রুত উদ্যোগ নেওয়া প্রয়োজন। রাতারগুল-লাগোয়া চেঙ্গেরখাল নদ থেকে প্রতি রাতেই অনিয়ন্ত্রিত ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করছে একটি চক্র। এতে বনে ভাঙন দেখা দিচ্ছে।

গ্রামীণ নাগরিক সভায় দাবি

আজ রোববার বিকেল পাঁচটায় গোয়াইনঘাট উপজেলার রাতারগুল গ্রামের মাঝেরঘাট এলাকায় আয়োজিত এক গ্রামীণ নাগরিক সভায় পরিবেশবাদীরা এই দাবি জানান। পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) সিলেট শাখার উদ্যোগে রাতারগুলের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে এ সভা অনুষ্ঠিত হয়।

বালু উত্তোলনের প্রভাব

পরিবেশবাদীরা আরও বলেন, ভাঙনের ফলে বনভূমির পরিমাণ কমছে। এভাবে বালু উত্তোলন চললে এই বন আরও বিপন্ন হবে। অথচ রাতারগুলের একটি বৈচিত্র্যময় বাস্তুতন্ত্র আছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ধরার কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য আবদুল করিম চৌধুরী (কিম) বলেন, একটি চক্র প্রায় রাতেই রাতারগুল জলাবনের পাশে নদ থেকে মেশিন লাগিয়ে অবৈধ উপায়ে বালু উত্তোলন করে। এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনকে একাধিকবার বলা হলেও প্রশাসন কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। ফলে অপরিকল্পিত ও অনিয়ন্ত্রিতভাবে বালু উত্তোলন চলছেই। এর প্রভাবে বনের নদপাড়ে ভাঙন শুরু হয়েছে।

ধরার সিলেট শাখার আহ্বায়ক মোস্তফা শাহাজামান চৌধুরী বলেন, অনুমোদনহীন বালু উত্তোলন বন্ধে প্রশাসনের যেখানে সক্রিয় থাকার কথা, সেখানে রাতারগুল জলাবনের মতো প্রতিবেশগত গুরুত্বপূর্ণ এলাকার ক্ষতি করে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের নীরবতা হতাশাজনক।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সভায় বক্তব্য

ধরার সিলেট শাখার আহ্বায়ক মোস্তফা শাহাজামান চৌধুরীর সভাপতিত্বে সভায় মূল বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য আবদুল করিম চৌধুরী (কিম)। আরও বক্তব্য দেন পরিবেশ ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্টের ট্রাস্টি গোলাম সোবহান চৌধুরী, ফতেহপুর ইউনিয়নের ইউপি সদস্য ফখরুদ্দিন চৌধুরী, রাতারগুল সমাজকল্যাণ পরিষদের সভাপতি আল আমিন, পরিবেশকর্মী নাহিদ পারভেজ, রাতারগুল গ্রামের বাসিন্দা আমির আলী, আরব আলী, সোনা মিয়া, ফখরুল ইসলাম প্রমুখ।