ইরানের পারস্য উপসাগরের খারগ দ্বীপের আশেপাশে বিশাল এলাকাজুড়ে তেলের আস্তরণ ছড়িয়ে পড়েছে। দেশটির প্রধান তেল রপ্তানি কেন্দ্র হিসেবে পরিচিত এই দ্বীপের চারপাশে তেলের স্তর শনাক্ত করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। তবে ওই এলাকায় সম্প্রতি কোনো হামলা হয়েছে কি না, সে বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর।
স্যাটেলাইট চিত্রে তেলের আস্তরণ
এপি স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে জানায়, গত সপ্তাহের শুরুতেই দ্বীপটির আশপাশের সমুদ্রে এই তেলের আস্তরণের উপস্থিতি ধরা পড়ে, যা পরে ধীরে ধীরে আরও ছড়িয়ে পড়ে। সামুদ্রিক গোয়েন্দা সংস্থা ‘উইন্ডওয়ার্ড এআই’-এর বরাত দিয়ে এপি জানায়, প্রথমে গত মঙ্গলবার খারগ দ্বীপের উপকূলীয় এলাকায় তেলের স্তর দেখা যায়। এরপর শুক্রবারের মধ্যে এটি প্রায় ৭১ বর্গকিলোমিটার এলাকায় বিস্তৃত হয়।
কারণ এখনো অজানা
কীভাবে এই তেলের আস্তরণ তৈরি হলো, তা এখনো স্পষ্ট নয়। একই সঙ্গে এটি কোনো সামরিক অভিযান বা দুর্ঘটনার ফল কি না, সে বিষয়েও এখনো আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি একটি গুরুতর পরিবেশগত বিপর্যয়ের ইঙ্গিত দিতে পারে, যা সামুদ্রিক জীববৈচিত্র্য ও স্থানীয় অর্থনীতির জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।
তথ্যসূত্র: মিডল ইস্ট আই, ওয়াশিংটন পোস্ট।



